৩ ঘণ্টার ব্যবধানে জামিন পেলেন ফখরুল


প্রকাশিত: ১০:৩০ এএম, ৩০ মার্চ ২০১৬

কারাগারে পাঠানোর তিন ঘণ্টার মধ্যে জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে আত্মসমর্পণ করে তিনটি মামলায় জামিন আবেদন করেন তিনি।

আদালত তাকে দু’টি মামলায় জামিন দিলেও একটি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মির্জা ফখরুলের আইনজীবীরা তার জামিন পুনর্বিবেচনার আবেদন জানালে আদালত তিন ঘণ্টার ব্যবধানে অপর মামলাটিতেও তাকে জামিন দেন।

গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেনড  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ।
 
২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

এদিকে, দীর্ঘ পাঁচ বছর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। আজ (বুধবার) বেলা সোয়া ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে চেয়ারপারসনের অনুমতি সাপেক্ষে রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এফএইচ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।