সাতক্ষীরায় ভোট জালিয়াতি : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের সাতক্ষীরা জেলায় অনিয়ম ও হতাহতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২২ মার্চের নির্বাচনের আগের রাতেই সাতক্ষীরায় ব্যালটে সিল মারা এবং ভোটের দিন জোরপূর্বক ভোট জালিয়াতির অভিযোগ আসলে ১৪টি কেন্দ্রের ভোট বাতিল করে ইসি। এ ঘটনার কারণ ব্যাখ্যা করতে সাতক্ষীরার পুলিশ সুপারকে (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ সংশ্লিষ্ট পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করে ইসি। বুধবার আয়োজিত শুনানিতে দায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে চার্জশিট দেয়ার নির্দেশ দেয় ইসি।
বৈঠক সূত্রে জানা যায়, শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ পুলিশ কর্মকর্তাদের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারাও অনিয়ম রোধে নির্বাচনি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া ছাড়াও গুলি চালানোর বিষয়টি সামনে আনেন।
এসময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক বলেন, আপনারা নির্বাচনি বিধি ভঙ্গ করার দায়ে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু ভোটের আগের রাতে কেন্দ্রের দরজা ভেঙে ভোট কারচুপি হয়েছে, সেজন্য প্রচলিত পুলিশ আইনে কেন ব্যবস্থা নেননি।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, মামলা করেছেন কিন্তু এখানো তো কাউকে গ্রেফতার করেননি। অথচ তারা তো আপনাদের সামনেই ঘুরে বেড়ায়।
এসময় পুলিশ কর্মকর্তারা জানান দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্টদেরও গ্রেফতার করা হবে।
এইচএস/এসকেডি/পিআর