আইন লঙ্ঘনের দায়ে মতিন স্পিনিংয়ের পর্ষদকে জরিমানা


প্রকাশিত: ১২:২০ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে বস্ত্রখাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসির ৫৬৯তম কমিশন সভায় কোম্পাটিকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, মতিন স্পিনিং মিলস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব এর অনুমতিপত্র (কনসেন্ট লেটার) এর পার্ট বি এর শর্ত নং ৭ মোতাবেক প্রসপেক্টাসে বর্ণিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আইপিও ফান্ড ব্যবহারের পূর্বে শেয়ারহোল্ডারদের সভায় উপস্থাপন পূর্বক গৃহীত প্রস্তাবের অনুমোদন নিতে হয় এবং কমিশন ও স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হয়। মতিন স্পিনিং মিলস লিমিটেড আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ প্রকল্পে ব্যবহার না করে বিভিন্ন ব্যাংকে এফডিআর করেছে এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে প্রকল্পে ব্যবহার করেছে, ফলে প্রাথমিক গণ প্রস্থাবের আইপিও’র অনুমতিপত্রের পার্ট বি এর শর্ত নং ৭ ভঙ্গ হয়েছে।

এছাড়া, উক্ত অনুমতিপত্রের পার্ট বি এর শর্ত নং ৪ মোতাবেক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হওয়ার ১২ মাসের মধ্যে আইপিও ফান্ড ব্যবহারের যে শর্ত রয়েছে তা পরিপালনে মতিন স্পিনিং লিমিটেড ব্যর্থ হয়েছে।

উল্লিখিত অনিয়মের জন্য কমিশন, মতিন স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতিত) ২ লাখ টাকা করে জরিমানা করেছে।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।