খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানায় যুক্তরাষ্ট্র বিএনপির নিন্দা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। গত ৩ এপ্রিল (রোববার) জ্যাকসন হাইটসের টক অফ দ্য টাউন রেস্টুরেন্টে নিউইয়র্ক সিটি বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় এ নিন্দা জানানো হয়।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা বলেন, অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করার লক্ষ্যেই আওয়ামী লীগের দলীয় বিচারক একের পর এক রায় আর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
তারা আরো বলেন, ইতোপূর্বে জিয়া পরিবার সম্পর্কে শেখ হাসিনা অনেকবার কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা সত্যিই দুঃখজনক, অসৌজন্যমূলক ও বিকৃত মানসিকতার বহিপ্রকাশ। আদালত কর্তৃক স্বীকৃত শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন ভোটার বিহীন সরকারের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।
সিটি বিএপির সিনিয়র নেতা জাকির হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শওকত আলী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু সুফিয়ান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা নূরে আলম, কুইন্স বরো বিএনপির প্রেসিডেন্ট আব্দুস ছাত্তার, চাটখিল সোসাইটির সাধারণ সম্পাদক নোমান সিদ্দিক।
এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যুক্তরাষ্ট্র জাগপা সভাপতি এএসএম রহমত উল্যাহ ভূঁইয়া, জসিম উদ্দিন, মাসুদ আলম, শাহাদাত হোসেন রাজু, টিটু, সালেহ আহমেদ, লিয়াকত আলী, হারুনুর রশিদ, মিঠু, আবুল খায়ের, দেলোয়ার হোসেন শিপন, কামাল উদ্দিন, মামুন প্রমুখ।
আরএস/এমএস