কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রবাসী বাংলাদেশিরা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক কুয়েত
প্রকাশিত: ০৮:৪০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতসহ এশিয়ার একাধিক দেশকে হারিয়ে শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।

এই জয়ের মাধ্যমে প্রবাসীরা আবারও প্রমাণ করলেন তারা শুধু রেমিট্যান্স প্রেরণে নয় বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষায়ও এগিয়ে।

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘ তিন মাসের খেলা শেষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার (৩০ জানুয়ারি)।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি, মো. সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এবং ইসমাইল সোবহান ও আতিউরজ্জামানের সঞ্চালনায় শুক্রবার আল রাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। এতে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট উপদেষ্টা মো. মাইন উদ্দিন।

বিশেষ অতিথি অপারেশন চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মঈন উদ্দিন সরকার সুমন, টুর্নামেন্ট উপদেষ্টা আক্তার উজ্জামান মোহাম্মদ শামস, শফিকুল ইসলাম, গোল্ডেন সালিম খান, সহ-সভাপতি কাশেদুল হোসেন, আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, আনোয়ার কালাম সাংগঠনিক সম্পাদক।

এই টুর্নামেন্টে বাংলাদেশসহ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মোট ১০টি ক্লাব অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো গুজরাট ক্রিকেট ক্লাব, জে.কে. ওয়ারিয়র্স, আলফা ক্রিকেট ক্লাব, গাল্ফ ক্যাভাল, জিলিব প্রবাসী ক্লাব, শাহা জি ইলেভেন, বেঙ্গল অ্যাভেঞ্জারস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এবং জেলিব নাইট রাইডার্স।

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রবাসী বাংলাদেশিরা

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করে বিদেশি খেলোয়াড়রা জানান, বাংলাদেশি কমিউনিটি খুব সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছে।

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেলিব নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব শুরুতে কিছুটা চাপে পড়ে। তবে শেষ পর্যায়ে সোহাগ জাসিমের ব্যাটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে দলটি।

সোহাগ জাসিম মাত্র ৩৬ বলে ৮০ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। নির্ধারিত ১৮ দশমিক ১ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে তিন উইকেটে জয় পায় বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।

আয়োজকরা জানান, প্রবাসীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। খেলা শেষে বিজয়ীদের হাতে শিরোপা ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি মো. মাইন উদ্দিন বলেন, ‘এই আয়োজন প্রমাণ করে, প্রবাসেও খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সক্রিয় বাংলাদেশিরা। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসনীয়। ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিদেশি খেলোয়াড়দের কাছেও।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]