মধ্যপ্রাচ্যে আটকা পড়া বাংলাদেশিদের স্বস্তির খবর

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৪ মার্চ ২০২৬
কুয়েতে আটকে পড়া বাংলাদেশিরা দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন/ছবি-সংগৃহীত

কুয়েত প্রতিনিধি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে কুয়েতে আটকা পড়া বাংলাদেশি যাত্রীরা অবশেষে দেশে ফিরছেন। বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় বৃহস্পতিবার (১২ মার্চ) তারা কুয়েত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইটে কুয়েত হয়ে ট্রানজিট নিতে আসা বেশ কিছু সংখ্যক বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। আটকে পড়া সেই যাত্রীরা মূলত আমেরিকা, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুয়েত ট্রানজিট হয়ে বাংলাদেশে যাচ্ছিলেন।

পরিস্থিতি পর্যালোচনায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। কুয়েত দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে পাঠাতে আমরা নিরলস কাজ করেছি। তাদের জন্য বিশেষ ব্যবস্থায় সৌদি আরবের ট্রানজিট ভিসা সংগ্রহ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে আটকা পড়া বাংলাদেশিদের স্বস্তির খবর

দূতাবাস সূত্রে জানা গেছে, কুয়েত থেকে সরাসরি ফ্লাইটের জটিলতা এড়াতে যাত্রীদের রিয়াদ অথবা দাম্মাম বিমানবন্দর হয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় সব আইনি ও ভ্রমণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফ্লাইটে তুলে দেওয়া হয়।

বিদেশে আটকে পড়া স্বজনদের দেশে ফেরার খবরে আটকে পড়া পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দূতাবাস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]