নিঃশব্দ তিন ভাইয়ের জীবন
সুইডেনের একটি দ্বীপ, নাম শোর্ন (Tjörn)। এখানেই এক পুরোনো খামারবাড়িতে জন্ম হয়েছিল তিন ভাইয়ের, জন, আরতুর এবং অ্যালান। সময়টা ছিল দুই বিশ্বযুদ্ধের মাঝামাঝি এক অস্থির পৃথিবী। কিন্তু তাদের জীবন ছিল আশ্চর্যরকম শান্ত, নিঃশব্দ এবং অত্যন্ত সাধারণ।
তারা কখনো বিয়ে করেননি। কোনো সন্তান হয়নি। পৃথিবীর চোখে তারা হয়তো খুব বড় কিছু করে যাননি। কিন্তু তাদের জীবনের গভীরতা ছিল অন্য জায়গায়, সরলতায়, সংযমে এবং অদ্ভুত এক আত্মতৃপ্তিতে।
তাদের বাড়িটি ১৯২৭ সালে তৈরি হয়েছিল। আর আশ্চর্যের বিষয়, তারা পুরো জীবন সেই বাড়িকে ঠিক সেভাবেই রেখে দিয়েছিলেন। না কোনো আধুনিক সংস্কার, না কোনো বিলাসিতা। যেন তারা বিশ্বাস করতেন, জীবনকে বদলানোর দরকার নেই, যদি ভেতরটা শান্ত থাকে।
তিন ভাইয়ের জীবন ছিল এমন, যেখানে অপচয়ের কোনো জায়গা ছিল না। কাগজ পোড়ানো হতো, খাবারের উচ্ছিষ্ট যেত পশুদের জন্য। আলাদা করে ডাস্টবিনের প্রয়োজনই হতো না। তারা নিজেরাই নিজেদের চুল কাটতেন। এমনকি দাঁত পরিষ্কার করতেন সমুদ্রের লবণ পানি দিয়ে।
অ্যালান কফি ভালোবাসতেন, কিন্তু কখনো নিজের জন্য একা কফি বানাতেন না। অতিথি থাকলে দিতেন, না থাকলে গরম পানি খেয়েই সন্তুষ্ট থাকতেন। এটা কৃপণতা ছিল না, এটা ছিল নিজের প্রতি সংযম, আর অন্যের প্রতি উদারতা। একবার ঝড়ে গাছ পড়ে যায় বনে। দুই ভাই হাতে করাত নিয়ে গিয়ে গাছ কাটছিলেন। একজন এপাশে, আরেকজন ওপাশে দাঁড়িয়ে।
এক আত্মীয় মোটরচালিত করাত নিয়ে এসে বললেন, ‘এটা ব্যবহার করুন, কাজ দ্রুত হবে।’ তাদের উত্তর ছিল শান্ত, ‘এটা আপনি বাড়ি নিয়ে যান। আমাদের কোনো তাড়া নেই।’
অ্যালান তরুণ বয়সে সুইডিশ গাড়ি Volvoতে কাজ শুরু করেন। ১৯৫৭ সালে তিনি কিছু শেয়ার কিনেছিলেন। বড় ভাইও একই কাজ করেন। তারপর? কিছুই না। তারা শেয়ারগুলো রেখে দেন, ছোঁয়াও না। যেন ভুলেই গিয়েছিলেন। কিন্তু সময় তাদের ভুলেনি।
দশকের পর দশক পেরিয়ে সেই শেয়ারগুলোর মূল্য বেড়ে দাঁড়ায় কোটি টাকায়। একসময় তারা হয়ে ওঠেন কোটিপতি, নিজেদের অজান্তেই।
অ্যালান প্রায় ৯২ বছর বয়সে মারা যান। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। একদিন রাতে নিজের বিছানায় ঘুমিয়েছিলেন, আর শান্তভাবে চিরবিদায় নেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি তিনি নেন মৃত্যুর আগে।
তিনি প্রায় ৩০ মিলিয়ন সুইডিশ ক্রোনা দান করেন Stadsmissionen-কে, একটি সংস্থা, যারা গরিব, গৃহহীন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়। কারণ একদিন তিনি সেখানে গিয়ে কফি খেয়েছিলেন। দেখেছিলেন কিছু তরুণ স্বেচ্ছাসেবকের আন্তরিকতা। সেই মানবিক দৃশ্য তাকে ছুঁয়ে গিয়েছিল।
যারা তাকে চিনতেন, তারা বলতেন, তিনি কখনো বিলাসিতা চাননি। কিন্তু তিনি জীবনে অসন্তুষ্টও ছিলেন না। তিনি সুখী ছিলেন।
খুব সাধারণভাবে, খুব নিঃশব্দে, কিন্তু গভীরভাবে সুখী। এই গল্প আমাদের সামনে একটি নীরব কিন্তু অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। আমরা আসলে কেমন জীবন বেছে নিচ্ছি?
যে পৃথিবীতে চারদিকে যুদ্ধ, ক্ষমতার লড়াই, দুর্নীতি আর লোভ মানুষের বিবেককে গ্রাস করছে, সেই পৃথিবীতে তিনজন মানুষ নিঃশব্দে প্রমাণ করে গেলেন, অন্যরকম জীবনও সম্ভব।
তারা ক্ষমতা চায়নি, বিলাসিতা চায়নি, নিজেদের বড় করে দেখানোর কোনো চেষ্টা করেনি। অথচ তারা এমন এক কাজ করে গেলেন, যা অনেক ক্ষমতাধর মানুষও পারে না, মানুষের জন্য নিঃস্বার্থভাবে দিয়ে যাওয়া।
আমাদের সমাজে আজ আমরা প্রায়ই দেখি, যার যত বেশি আছে, তার তত বেশি চাওয়ার তৃষ্ণা। আর যার কিছু নেই, তার কণ্ঠ সবচেয়ে কম শোনা যায়। এই বৈপরীত্যের মাঝেই এই গল্পটি এক ধরনের আয়না তুলে ধরে। এটি আমাদের মনে করিয়ে দেয়, সুখ ভোগে নয়, সংযমে। সম্মান ক্ষমতায় নয়, মানবিকতায়।
জীবনের আসল সাফল্য জমিয়ে রাখায় নয়, বরং সঠিক সময়ে সঠিক জায়গায় দিয়ে যাওয়ায়। তিন ভাই তাদের জীবনে কোনো শোরগোল তোলেননি। কিন্তু তাদের শেষ সিদ্ধান্ত নিঃশব্দে হাজার মানুষের জীবনে আলো হয়ে পৌঁছেছে।
এই অস্থির, বিভক্ত এবং অনেক সময় নিষ্ঠুর হয়ে ওঠা পৃথিবীতে, এই গল্পটি আমাদের থামতে শেখায়, ভাবতে শেখায় এবং সবচেয়ে বড় কথা, নিজেকে প্রশ্ন করতে শেখায়। আমি কী রেখে যাচ্ছি? শুধু সম্পদ, নাকি একটি মানবিক ছাপ?
কারণ শেষ পর্যন্ত মানুষ তার জীবনে কী পেয়েছে, তা দিয়ে নয়, সে পৃথিবীকে কী দিয়ে গেছে, তা দিয়েই তার সত্যিকারের পরিচয় গড়ে ওঠে। এই গল্পটি শুধু তিনজন মানুষের জীবনের গল্প নয়, এটি আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ এবং আমাদের বাস্তব জীবনের একটি কঠিন পরীক্ষাও।
ইসলাম আমাদের কী শিক্ষা দেয়? কোরআন আমাদের সংযম শিখায়, অপচয় থেকে বিরত থাকতে বলে, অন্যের হক আদায় করতে বলে এবং সম্পদের ভেতরে অভাবগ্রস্ত মানুষের অধিকার রয়েছে, এই সত্যটি স্পষ্টভাবে তুলে ধরে। ইসলাম শুধু নামাজ, রোজা বা আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ন্যায়, সততা, মানবিকতা এবং দায়িত্ববোধ একসাথে চলে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই শিক্ষা বাস্তবে ধারণ করছি?
আমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিই, কোরআনের শিক্ষা জানি, হালাল-হারামের পার্থক্য বুঝি। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে কী দেখি? অন্যের হক মেরে নেওয়া। দুর্নীতি অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ক্ষমতার অপব্যবহার এবং অসহায় মানুষের প্রতি উদাসীনতা
অথচ এই তিন ভাই, যারা মুসলিম ছিলেন না, তাদের জীবনের দিকে তাকালে আমরা কী দেখি? সংযম অপচয়হীন জীবন অন্যের প্রতি সহমর্মিতা এবং জীবনের শেষে নিঃস্বার্থভাবে মানুষের জন্য দিয়ে যাওয়া তাহলে প্রশ্নটি আরও গভীর হয়ে ওঠে, মানবতার এই শিক্ষা কি শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ?
নাকি এটি এমন একটি সত্য, যা পৃথিবীর যেকোনো মানুষের অন্তরে লুকিয়ে থাকে? ইসলাম সেই সত্যকে আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরে, পথ দেখায়, নিয়ম দেয়। কিন্তু আমরা কি সেই পথ অনুসরণ করছি? নাকি আমরা শুধু পরিচয়ে মুসলিম, কিন্তু আচরণে সেই শিক্ষার প্রতিফলন নেই?
এই গল্পটি তাই আমাদের জন্য একটি আয়না। এটি আমাদের ছোট করে না, বরং আমাদের জাগিয়ে তোলে। কারণ সত্যটি খুব সরল, ধর্ম শুধু জানার বিষয় নয়, ধর্ম মানে তা জীবনে বাস্তবায়ন করা। আজ যদি আমরা সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা ধারণ করতাম, তাহলে আমাদের সমাজে এত অবিচার, এত বৈষম্য, এত কষ্ট কি থাকত?
তিন ভাই তাদের ধর্ম দিয়ে নয়, তাদের কাজ দিয়ে প্রমাণ করে গেছেন, মানবিকতা কাকে বলে। আর আমরা? আমাদের হাতে আছে কোরআনের শিক্ষা, আমাদের সামনে আছে সঠিক পথ, তবুও আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদেরই দিতে হবে। হয়তো সময় এসেছে আবার নতুন করে ভাবার, আমরা কি শুধু বিশ্বাসী, নাকি আমরা সত্যিকার অর্থে সেই বিশ্বাসকে জীবনে ধারণ করছি!
রহমান মৃধা, গবেষক ও লেখক, প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেন
[email protected]
এমআরএম/এএসএম