মিশরে প্রবাসী শিক্ষার্থীদের প্রাণবন্ত বৈশাখী আয়োজন

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
ছবি-জাগো নিউজ

নতুন স্বপ্ন, উদ্যম ও প্রত্যাশার আলোয় উদ্ভাসিত হয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।

প্রবাস জীবনের একাকীত্ব, পরিবার-পরিজন ও স্বজনদের থেকে দূরত্ব—সবকিছুকে ছাপিয়ে বাঙালিয়ানার আবহ ফিরিয়ে আনতে এ আয়োজন যেন রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানী কায়রোর হেলিওপোলিস আন্তর্জাতিক উদ্যানে কায়রো, আইন শামস ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয় এ বর্ষবরণ উৎসব। কায়রো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শিক্ষার্থী মো. সাইয়ুম হোসেনের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখর।

jagonews24

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ আয়োজনে ছোট-বড় সবার রঙিন ও ঐতিহ্যবাহী দেশীয় পোশাক, বাঙালির চিরচেনা সাজসজ্জা এবং ভোজন রসিকদের জন্য পান্তা-ইলিশসহ নানা মুখরোচক খাবারের সমাহারে উদ্যানে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা ও হাসি-আনন্দে উদ্যানটির একাংশ রূপ নেয় প্রাণবন্ত এক ক্ষুদ্র বাংলাদেশে।

প্রাচীন সভ্যতার দেশ মিশরে বসবাসরত প্রায় ১৫ হাজার বাংলাদেশি প্রবাসীর মধ্যে কোনো সাংগঠনিক বর্ষবরণ চোখে না পড়লেও, কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় হয়ে উঠেছে। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ছিল নানা আয়োজন। নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয় ও জীবন্ত।

আয়োজকরা জানান, দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে নিজস্ব সংস্কৃতি লালন ও প্রচারের এই উদ্যোগ মূলত দেশের প্রতি গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]