মসজিদের ছাদে খেলাধুলা করা যাবে কি?
প্রশ্ন: মসজিদের ছাদে খেলাধুলা করার বিধান কী?
উত্তর: ইসলামি আইনবিশারদগণের মতে কোনো জায়গা যখন মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়, তখন ওই জায়গা আকাশ পর্যন্ত মসজিদ হয়ে যায়। ওপরের দিকে যত তলাই করা হোক, তা মসজিদের অন্তর্ভুক্ত হয়। এ কারণে মসজিদের ওপর তলায় শপিংমল, হোটেল ইত্যাদি বানানো বৈধ নয়। মসজিদের ছাদও মসজিদের অন্তর্ভুক্ত এবং মসজিদের মতোই সম্মানিত। নিচের ফ্লোরগুলো পূর্ণ হয়ে গেলে কেউ যদি মসজিদের ছাদে নামাজ পড়েন, তাহলে তিনি মসজিদে নামাজ পড়ার মতোই সওয়াব পাবেন।
তাই মসজিদের ভেতরের মত মসজিদের ছাদের আদবও রক্ষা করতে হবে। মসজিদের ছাদকে খেলধুলা, বেচাকেনা ইত্যাদি কাজের জায়গা বানানো যাবে না।
ইসলামে মসজিদ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থান। কোরআনে আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা বাকারা: ১৮)
মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ বলেছেন,.এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ্জ: ৩২)
আরেক আয়াতে মসজিদকে মর্যাদায় সমুন্নত করা ও মসজিদে ইবাদত ও আল্লাহর স্মরণ করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, যেসব গৃহকে মর্যাদায় সমুন্নত করতে এবং তাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখেনা, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে পড়বে। (সুরা নুর: ৩৬, ৩৭)
ওএফএফ