উমামা ফাতেমা
কেউ কেউ নিজেদের পার্টিকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির মতো চিন্তা করছে
জুলাই যোদ্ধা উমামা ফাতেমা বলেছেন কিছু মানুষ দেখলাম নিজেদের পার্টিকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির মতো চিন্তা করছে, তাদের জন্য এক বালতি সমবেদনা। ঘৃণা, বিদ্বেষ আর গুজব চাষ বাদ দিয়ে আগে মানুষের প্রতি দায়, দরদ, বিবেচনা কেমনে দেখাতে হয় সেটা শিখেন।
শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব লেখেন উমামা ফাতেমা।
তিনি লেখেন, নেপালের সাধারণ নির্বাচনে সাবেক র্যাপার বালেন শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বিপুল ব্যবধানে সরকার গঠনের পথে এগিয়ে আছে। তার বিপরীতে আছে কে পি ওলির দল নেপালি কংগ্রেস, মাত্র ৪টি সিট পেয়েছে।
তিনি আরও লেখেন, নেপালের অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভিন্ন পথে এগিয়েছে। সম্প্রতি নেপাল ভ্রমণে এটাই আমার চোখের দেখা। সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্সকে ছাত্ররা দমন করেছে। ইন্টেরিম সরকার নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পথে আগায়নি। দুর্নীতি দমন, স্বজনপ্রীতি ঠেকানো ও বেকারত্ব সমস্যা নিরসনকে প্রধান নীতি আকারে দেখা হয়েছে।
ডাকসুর সাবেক এই ভিপি প্রার্থী লেখেন, তাদের মূল এজেন্ডা হয়েছে বিগত সরকারগুলোর দুর্নীতি প্রবণতা ও বেকারত্ব সমস্যাকে সমাধান না করা। ছাত্ররা নিজেরা দুর্নীতিতে জড়িয়ে এস্টেবলিশমেন্টকে জেঁকে বসতে দেয়নি। ‘Gen Z’ নাম দিয়ে বয়োজ্যেষ্ঠদের দূরে ঠেলে দেয়নি। রাজনৈতিক বিভেদ কমিয়ে আনার চেষ্টা করেছে। কে পি ওলিকে রেখেই নির্বাচন হয়েছে এবং কে পি ওলি হারতে যাচ্ছে।
নেপালের নতুন সরকার ওলির দুর্নীতি ও হত্যাযজ্ঞের বিচার করবে- এমন আশা প্রকাশ করে উমামা ফাতেমা লেখেন, কিন্তু কে পি ওলিকে ঠেকানোর নামে কারো নিজেদের পকেট ভারী করার দুরভিসন্ধি দেখা যায়নি। নারীদের ক্ষমতার নামে দূরে সরিয়ে দেওয়া হয়নি। ব্যাটাগিরির বাইরে গিয়ে ভালো পলিটিকাল ইন্টেনশন নিয়ে সিস্টেমেটিক পরিবর্তনের দিকে হাঁটছে ও পরিবর্তনের কথা বলছে।
দক্ষিণ এশিয়ার এ দেশটির নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে এ জুলাই যোদ্ধা আরও বলেন, কিছু মানুষ দেখলাম নিজেদের পার্টিকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির মতো চিন্তা করছে, তাদের জন্য এক বালতি সমবেদনা। ঘৃণা, বিদ্বেষ আর গুজব চাষ বাদ দিয়ে আগে মানুষের প্রতি দায়, দরদ, বিবেচনা কেমনে দেখাতে হয় সেটা শিখেন। এই বেসিক ম্যানারিজম যেসব মানুষের নাই তারা দেশকে বিভাজন ছাড়া আর কিই বা উপহার দিতে পারছে?!
এএমএ