‘যতদিন ক্ষুধা আর তাড়না আছে, খেলে যাবো’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটটা খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অদম্য টি-টোয়েন্টি দেখা যাচ্ছে না তাকে। এ নিয়ে নানা প্রশ্ন থাকলেও নির্ভার রিয়াদ। বাস্তবতাকে মেনে নিয়ে টুর্নামেন্টে সুযোগ না পাওয়া প্রসঙ্গে রিয়াদ অত্যন্ত বিনয়ের সাথে নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করেন।

গতকাল শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়াদ বলেন, ‘আমি আর বর্তমান (জাতীয় দলের) ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, আমার কাজ করছি, এতেই আমি খুশি।’

দীর্ঘ ১৮ বছর জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানো রিয়াদ এখনই ব্যাট-প্যাড তুলে রাখার চূড়ান্ত ঘোষণা দেননি। তবে সবটাই ছেড়ে দিয়েছেন সময় ও ফিটনেসের ওপর। রিয়াদের ভাষায়, ‘আমি জানি না জীবন কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।’

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে নিজের আগ্রহের কথা জানান তিনি। দীর্ঘ ক্যারিয়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।