নামিবিয়ার বোর্ডে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দলের কেউই পায়নি অর্ধশতক। চার ব্যাটারের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ২০ ওভার শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে নামিবিয়া। ডাচদের লক্ষ্য ১৫৭ রান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিল্লিতে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস।

ব্যাটিং করতে নেমে ওপেনার লুরেন স্টিনক্যাম্প ৬ রান করে আউট হন আর্য্য দত্তের বলে স্টাম্পিং হয়ে। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় নামিবিয়া। এরপর ৫০ রানের জুটি গড়েন জেন ফ্রাইলিঙ্ক ও জেন-নিকোল।

এই জুটি ভাঙেন লোগান ফন বিক। ৩০ রান করে ফ্রাইলিঙ্ক উইকেটের পেছনে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের গ্লাভসে ধরা পড়লে ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় নামিবিয়া।

ভালো শুরু করে ৮ বলে ১৮ রান করেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তবে সেটি ধরে রাখতে পারেননি। আউট হয়েছেন দলীয় ৯৫ রানে বাদ ডি লিডের বলে। তার বিদায়ের পর দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করা জেন নিকোলও সাজঘরের পথ ধরেন লোগান ফন বিকের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। ১০৭ রানে চতুর্থ উইকেটের পতন হয় নামিবিয়ার।

১ চার ও দুই ছক্কায় জেজে স্মিট ১৫ রান করে চড়াও হওয়ার বার্তা দিয়েই ফিরে যান সাজঘরে বাস ডি লিডের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। পঞ্চম উইকেটের পতন হয় ১২৭ রানে। জেন গ্রিন ৯ রান করে রিভার্স সুইপ করে বাউন্ডারিতে ক্যাচ আউট হলে ১৩৫ রানে ৬ উইকেট হারায় নামিবিয়া। ৯ রান করে রানআউট হন ট্রাম্পেলম্যান।

ইনিংসের শেষ বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন ৪ রান করা উইলিয়ান মাইবার্গ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া। ৬ রান করে অপরাজত ছিলেন লেচার।

ডাচদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন লোগান ফন বিক ও বাস ডি লিড। একটি করে উইকেট আর্য্য দত্ত ও ফ্রেড ক্লাসেনের ঝুলিতে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।