সব ম্যাচ জিতেই সেমিতে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০১ মার্চ ২০২৬

আসরে নিজেদের দাপট ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে নিজেদের সবশেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে পা রাখলো দক্ষিণ আফ্রিকা। আর সুপার এইটের শেষ ম্যাচেও হারলো জিম্বাবুয়ে।

দিল্লিতে জিম্বাবুয়ের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও জয় পেতে কোনো সমস্যা হয়নি বর্তমান রানার্সআপদের। সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যেও জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে।

রানের খাতা খোলার আগেই কুইন্টন ডি কক ও অধিনায়ক এইডেন মার্করাম ৪ রান করে বিদায় নিলে ১৪ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। দুজনকেই ফেরান রাজা। ৩১ রান করে হাল ধর‍তে চাওয়া রায়ান রিকেলটনও বিদায় নিলে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে আফ্রিকা। আউট হন ইভান্সের বলে। সেখান থেকে ৫০ রানের জুটি হয় ব্রেভিস ও মিলারের।

দলীয় ৯৩ রানে সেই জুটি ভাঙেন মুজারাবানি। ২২ রান করা মিলার ফেরেন সাজঘরে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে ব্রেভিস বিদায় নিলে ১০১ রানে ৫ উইকেট হারায় মার্করামের দল। উইকেট নেন সেই রাজাই।

এরপর আরকোনো উইকেট না হারিয়ে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ট্রিস্টান স্টাবস (২১) ও জর্জ লিন্ডে (৩০) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান রাজা। একটি করে ইভান্স ও মুজারাবানি।

এর আগে, সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের হয়ে একাই লড়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ছাড়া কেউই পারেননি ভালো রান করতে। ২০ ওভার ব্যাটিং করে দলটির বোর্ডে যোগ হয় ৭ উইকেটে রান ১৫৩।

রোববার (১ মার্চ) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে ব্যাট করতে নেমে ২৮ রানে দুই উইকেট হারায় রাজার দল। মারুমানি ৭ ও বেনেট আউট হন ১৫ রানে।

ডিওন মায়ের্স জুটি গড়েন রাজার সঙ্গে। তবে ৩৪ রানের বেশশি স্থায়িত্ব হয়নি সেটি। ১১ রান করে থামেন মায়ের্স। ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।

রায়ার্ন বার্লও হতাশ করেন। ৫ রান করে ফেরত যান সাজঘরে। ৮২ রানে উইকেট হারানোর পর ৮৭ রানে পঞ্চম উইকেটও হারিয়ে ফেলে ২ রান করা টনি মুনোওয়ঙ্গা আউট হলে। এরমধ্যে ফিফটির দেখা পান সিকান্দার রাজা। পেটাতে থাকেন প্রোটিয়া বোলারদের। ৮ চার ও ৪ ছক্কায় ৪৩ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে থামেন তিনি। রাজা আউট হলে ষষ্ঠ উইকেট হারায় তার দল।

৮ রান করে ব্র্যাড ইভান্সও সাজঘরে ফিরে যাঙ। ১৪৬ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ৭ উইকেট ১৫৩ রান করে। ২০ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন ক্লাইভ মাদান্দে।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন কুয়েনা মাফাকা ও করবিন বস্ক। একটি করে লিন্ডে, এনগিডি, আনরিখ নরকিয়া।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।