পাকিস্তান সিরিজের আগে বিসিএলকে প্রস্তুতির সেরা মঞ্চ বলছেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০২ মার্চ ২০২৬

চলতি বছর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। আগামী ৯ই মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে টাইগারদের প্রস্তুতির অন্যতম মঞ্চ হয়ে দাঁড়িয়েছে চলমান বাংলাদেশ ক্রিকেট (বিসিএল) লিগ। ওয়ানডে ফরম্যাটে হওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই শেষ, এখন বাকি কেবল শিরোপা নির্ধারণী ফাইনাল। আগামীকাল মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন।

ফাইনালের মহারণের আগে আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের ব্যাটার সাইফ হাসান। পাকিস্তান সিরিজের আগে বিসিএলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যেহেতু আমরা ফাইনালে উঠছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারবো।’

গত দেড় বছর ওয়ানডে ফরম্যাটে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার বিষয়টিও উঠে আসে সাইফের কণ্ঠে। প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে তিনি যোগ করেন, ‘গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যেগুলাই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।’

মিরপুরের দিবা-রাত্রির ফাইনাল এবং উইকেট নিয়ে নিজের প্রত্যাশা ও পরিকল্পনার কথা জানিয়ে সাইফ হাসান বলেন, ‘বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে কালকে যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।