শিশু-কিশোরদের সামনে সঠিক সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে হবে: সালাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিজেদের সঠিক সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে। শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে গড়ে তোলা সবার দায়িত্ব।
সোমবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, দেশে দীর্ঘদিন ধরে দলীয়করণের কারণে বিভিন্ন পর্যায়ে ইতিহাস বিকৃতি হয়েছে এবং শিক্ষার ক্ষতিসাধন হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে শিশুদের সামনে সঠিক বিষয়গুলো উপস্থাপন করা জরুরি।
তিনি বলেন, বর্তমান সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শিশু-কিশোরদের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, তাই সরকারকে কাজের জন্য সময় দিতে হবে।
আবদুস সালাম আরও বলেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য করতে সিটি করপোরেশনের পাশাপাশি জনগণের সচেতনতা প্রয়োজন। নগরীর পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন ও মশার উপদ্রব কমাতে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।
তিনি জানান, নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে। জনগণের সহযোগিতায় সিটি করপোরেশনকে আবার সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মনির খান ও অভিনেতা শিবা শানু প্রমুখ।
কেএইচ/এমকেআর