ম্যাচসেরা হয়েও মূল কৃতিত্ব বুমরাহকে দিলেন স্যামসন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৬ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন।

টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হয়েছেন স্যামসন। দুই ম্যাচেই অবশ্য সেঞ্চুরি করার সুযোগ থাকলেও হাতছাড়া করেছেন। তবে দলের জয়ে রাখলেন দুর্দান্ত ভূমিকা। এরপরও সেই কৃতিত্ব নিজে না নিয়ে জাসপ্রিত বুমরাহর প্রশংসাই করলেন তিনি।

দ্বিতীয় সেমিফাইনালে স্যামসনের ঝড় ও ভারতের বাকি ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক ভারত। বিশাল এই লক্ষ্য তাড়ায় জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে প্রায় জিতেই যাচ্ছিল ইংল্যান্ড। জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হারতে হয় ৭ রানে। বিশেষ করে দেথ ওভারে বুমরাহর নিয়ন্ত্রিত বোলিং ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ২৪৬ রানে থামে ইংলিশরা।

ম্যাচসেরার পুরস্কার জিতলেও এই পুরস্কার বুমরাহর প্রাপ্য বলে ম্যাচ শেষে বলেন স্যামসন। তিনি বলেন, ‘বুমরাহ বিশ্বমানের একজন বোলার এবং আজকের ম্যাচেও সেটিই প্রমাণ করেছেন। বুমরাহর বোলিং না থাকলে ভারতের পক্ষে ম্যাচ জেতা কঠিন হয়ে যেত।’

ডেথ ওভারে বোলিং করতে এসে বুমরাহ ১৬ ও ১৮তম ওভারে খরচ করেন মাত্র ১৪ রান। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা ইংল্যান্ডের জ্যাকব বেথেলকে ফেলে দেন চাপে।

ডেথে বুমরাহ ও বোলারদের বোলিং ভারতের জয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে মনে করেন সঞ্জু। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে স্যামসন বলেন, ‘ডেথ ওভারে বোলারদের দারুণ পারফরম্যান্সই ভারতের জয়ের মূল কারণ। কঠিন পরিস্থিতিতেও তারা যেভাবে বল করেছে, তারাই আসল কৃতিত্বের দাবিদার।’

আগামী ৮ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে শিরোপার লড়াইয়ে লড়বে ভারত।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।