সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি
গেল রাতেই মিডিয়া ব্রিফিংয়ে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, তারা যত দ্রুত সম্ভব ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করতে চান। এটা যে শুধু মুখের কথা নয়, সেটা জানা গেলো সকাল হতেই। মিডিয়া ব্রিফিং শেষে গতকাল রাতেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে আজ মিটিংয়ের জন্য চিঠি দেওয়ার নির্দেশ দেন তামিম। সিসিডিএম ও প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে।
নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবিতে গত ৬ মাস ধরে কোনো লিগে অংশ নেয়নি ঢাকার ৩৯টি ক্লাব। এতে প্রথম ও দ্বিতীয় বিভাগ দায়সারা হলেও প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে দেখা দেয় চূড়ান্ত শঙ্কা। গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে নির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর তামিম ইকবালকে সভাপতি করে বানানো হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি।
দায়িত্ব নিয়ে দ্বিতীয় মিটিংয়েই প্রিমিয়ার লিগ আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সিসিডিএম’র একটি সূত্র জানায়, আজকে সন্ধ্যা সাড়ে ৬টায় সিসিডিএম মিটিং ডেকেছে। গতকাল রাতেই হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ও ফোনকলে বোর্ড থেকে এটা জানানো হয়েছে।
গতকাল প্রিমিয়ার লিগ আয়োজন ও মাঠ সঙ্কট নিয়ে তামিম বলেছিলেন, ‘প্রিমিয়ার লিগ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খুব দ্রুতই প্রতিটি দলের সঙ্গে বসব। তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব দলবদলের তারিখ ঘোষণা করা এবং লিগের খেলা মাঠে গড়ানোই আমাদের লক্ষ্য।মাঠ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তবে প্রয়োজনে আমরা মাঠ ভাড়াও নেব।’
এর আগে গত ৫ তারিখ তৃতীয় বিভাগের জন্য ক্লাবদের মিটিং ডাকে আগের বোর্ড। তবে সেখানে মাত্র ৫টি ক্লাব হাজির হওয়াতে কোরামও পূর্ণ করা যায়নি। যদিও তারপরও আগের বোর্ড ১১ ও ১২ এপ্রিল দলবদল ও ১৬ তারিখ থেকে আসর শুরু করার কথা বলেছিল। তবে সেটা ওইভাবেই হবে কিনা নিশ্চিত নয়। আজ প্রিমিয়ার লিগের মিটিংয়ে এগুলো নিয়েও আলোচনা হতে পারে।
এসকেডি/এমএমআর