সুখবর পেলেন পিএসএলের দর্শকরা
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী দেখা দিয়েছে জ্বালানী সংকট। সেই চিন্তা থেকেই পাকিস্তান সুপার (পিএসএল) লিগের ম্যাচগুলো দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে কয়েকদিন আগে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলে গ্যালারিতে দর্শক ফেরানোর সিদ্ধান্তের কথা জানান পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
তখন কেবল ফাইনাল ম্যাচে দর্শক ফেরানোর সিদ্ধান্ত হলেও এবার প্লে-অফের আরও তিনটি ম্যাচেও দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে ফাইনালসহ মোট চারটি ম্যাচ দর্শকরা মাঠে বসেই খেলা দেখতে পারবে।
মহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমতি পাওয়া গেছে। তবে খরচ কমানোর উদ্যোগের অংশ হিসেবে দর্শকদের গণপরিবহন ব্যবহার করতে বা কম জ্বালানি ব্যয় করে যাতায়াত করতে উৎসাহ দেওয়া হয়েছে।
জ্বালানী সংকটের কারণে চলমান আসরের ম্যাচগুলো ৬ ভেন্যুতে হওয়ার কথা থাকলেও তা কমিয়ে লাহোর ও করাচিতেই আয়োজনের সিদ্ধান্ত হয় শুধুমাত্র। তখন পুরো ফাঁকা গ্যালারিতেই সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছিল।
আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে প্লে-অফ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে এবং ৩ এপ্রিল ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে।
আইএন