নাহিদের প্রশংসা করে বাবরকে খোঁচা দিলেন ফাইনালের নায়ক হার্ডি
ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর পর পাকিস্তান সুপার (পিএসএল) লিগে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। এটি তাদের দ্বিতীয় শিরোপা। ফাইনালের আগে পেশোয়ার উড়িয়ে নিয়ে যায় বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি শিকার করেন ২ উইকেট। যা কিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জালমির শিরোপা জয়ে।
তবে পেশোয়ারের ফাইনাল জয়ের মূল নায়ক অ্যারন হার্ডি। অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। প্রথমে বল হাতে ৪ উইকেট শিকারের পর ব্যাট হাতে করেন অপরাজিত ৫৬ রান। তার সুনামও কুড়িয়েছেন বাংলাদেশের নাহিদ রানা।
গতিতারকা নাহিদ রানা পেয়েছেন সুপার পাওয়ার অব দ্য ম্যাচ স্বীকৃতি। বাংলাদেশি পেসারকে নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় অ্যারন হার্ডি বললেন, ‘হ্যাঁ, (কতটা ভালো) একদমই তাই। আমি বলতে চাচ্ছি, সে মাত্র তিন দিন আগে বিমান থেকে নামল এবং আজকেও দুর্দান্ত গতিতে বল করল। করাচিতে যখন সে ১৫১ কিমি গতিতে বল করছিল, তখন ব্যাটারদের জন্য সেটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। আমি জানি এক সপ্তাহ পরেই তার টেস্ট ম্যাচ আছে; এটাও জানি যে বাবর সম্ভবত তার মুখোমুখি হতে চাইবে না। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমি দেখতে পাচ্ছি সে বিশ্বের যেকোনো প্রতিযোগিতায় ঘুরে ঘুরে খেলছে; তার মতো মাপের একজন খেলোয়াড়কে সবাই সানন্দে গ্রহণ করবে। আমি তার জন্য খুবই আনন্দিত।’
পিএসএলে সুযোগ পেয়েই ভালো পারফরম্যান্স করে সবার বাহবা পাচ্ছেন নাহিদ। চ্যাম্পিয়ন হয়ে তার অনুভূতি, ‘আমি এটি সত্যিই উপভোগ করলাম। গত বছর আমি এসেছিলাম কিন্তু খেলিনি। এ বছর আমি এসেছি এবং এটি সত্যিই উপভোগ করেছি। আমি কেবল আমার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে এবং দলের জন্য একটি প্রভাবশালী পারফরম্যান্স করতে চেয়েছিলাম। আমি আমার পারফরম্যান্স ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি, তাই আমি খুশি।’
চার ম্যাচ খেলে তিনি ফিরে এসেছিলেন দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে। তবে মাঝে হুট করেই আবার নাহিদকে চেয়ে বসেন পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ফাইনালের জন্য। বিসিবির বর্তমান আহ্বায়ক কমিটি এনওসি দেয় নাহিদ রানাকে। এ জন্য জালমি ফ্র্যাঞ্চাজিটি কর্ণধার জাভেদ আফ্রিদি ধন্যবাদ জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে।
আইএন