ডাবল সেঞ্চুরি করেও পরের ম্যাচে বাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১২ আগস্ট ২০২০

সোশ্যাল মিডিয়ায় এখন ‘নিউ নরমাল’ বিষয়ক একটি ট্রেন্ড খুব চলছে সবার মাঝে। যেখানে করোনাভাইরাসের কারণে আসা প্রাত্যাহিক জীবনের পরিবর্তনগুলোই তুলে ধরেন ফেসবুক-টুইটার ব্যবহারকারীরা।

কিন্তু এসব ‘নিউ নরমাল’ এর সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেননি ইংল্যান্ডের ১৯ বছর বয়সী ব্যাটসম্যান জর্ডান কক্স। করোনামুক্ত সময়ে যেমন ম্যাচ শেষে ভক্তদের সঙ্গে ছবি তোলা ছিল স্বাভাবিক, এখনও ঠিক তাই করে জায়গা হারিয়েছেন দল থেকে। তাও কি না ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচে!

ঘটনা ইংল্যান্ডের চলতি বব উইলিস ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচের। গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া এ রাউন্ডের সাউথ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কেন্ট ও সাসেক্স। মাত্র তিনদিনের মধ্যেই ইনিংস ও ২৫ রানের ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কেন্ট।

ম্যাচের প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয় সাসেক্স। পরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় কেন্ট। এত বড় সংগ্রহ গড়ার পেছনে পুরো অবদান ১৯ বছর বয়সী ডানহাতি ওপেনার জর্ডান কক্স ও তিন নম্বরে নামা জ্যাক ল্যানিংয়ের।

দুজন মিলে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ৪২৩ রানের জুটি গড়েন। যেখানে ল্যানিং করেন ২২০ রান ও কক্সের ব্যাট থেকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আসে ২৩৮ রানের ঝলমলে। চলতি শতাব্দীতে জন্ম নিয়ে ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটসম্যান কক্স। এছাড়া কেন্টের পক্ষে নিজের প্রথম সেঞ্চুরি সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

এমন এক ইনিংস খেলার পর সঙ্গত কারণেই কক্সের প্রতি ভক্তদের আগ্রহ বেড়ে যায় অনেক। তাই ম্যাচ শেষে এগিয়ে আসেন কিছু তরুণ সমর্থক। তাদের সঙ্গে অভ্যাসবশত সেলফি তোলেন ১৯ বছর বয়সী কক্স। আর এতেই নিশ্চিত হয়ে যায় পরের ম্যাচের একাদশ থেকে তার বাদ পড়া।

কেননা বব উইলিস ট্রফিতে খেলার জন্য সবার আগে মানতে হতো সোশ্যাল ডিসট্যান্সিং এবং সকল করোনাবিধি। কিন্তু ভক্তদের সঙ্গে সেলফি তুলে করোনাবিধি ভঙ্গ করেছেন কক্স। তাই মিডলসেক্সের বিপক্ষে আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়ার পরের ম্যাচের একাদশ থেকে তাকে বাদ দিয়েছে কেন্ট।

এখন বাধ্যতামূলক স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে কক্সকে। দুইবার করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ প্রমাণিত হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। আনুষ্ঠানিক এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করে কক্স বলেছেন, ‘পুরো পরিস্থিতিটা আমি বুঝতে পারছি। সবার কাছে ক্ষমা চাই। পরের ম্যাচ থেকে বাদ পড়া আমার জন্য ভালো খবর নয়। আমার মনে হচ্ছে নিজের দলকে ডুবিয়েছি আমি।’

কেন্টের ক্রিকেট পরিচালক পল ডাউনটন বলেছেন, ‘অসাধারণ এক পারফরম্যান্সের পর জর্ডানের এমন কাজ সত্যিই দুঃখজনক। যা আমাদের দলের মেডিকেল প্রটোকল ভঙ্গ করেছে। আমরা এসব প্রটোকল খুব গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। এখন জর্ডানের সামনে সেলফ আইসোলেশন ব্যতীত কোনো পথ নেই।’

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।