রোনালদোর ‘মোনাজাত’ ও অঝোর কান্না

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৯ জুন ২০২৫

আরও একটি গুরুত্বপূর্ণ ফাইনাল। ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনালদোর পা থেকে আরও একটি গোল। যে গোলই মূলত বাঁচিয়ে দেয় পর্তুগালকে। এরপর টাইব্রেকারে অসাধারণ এক জয়। স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের চ্যাম্পিয়ন পর্তুগাল।

নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা গড়িয়েছিল অতিরিক্ত আরও ৩০ মিনিটে। ১২০ মিনিটের খেলাও ২-২ গোলে সমতা ভাঙতে পারেনি। ফলে চ্যাম্পিয়নশিপ নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করলো পর্তুগাল।

ম্যাচের ৮৮ মিনিটে ক্লান্ত রোনালদোকে তুলে নেন কোচ। টাইব্রেকারেও তার প্রয়োজন পড়েনি। তবে ডাগআউটে বসা রোনালদোর দিকেই তাক করা ছিল সব ক্যামেরা। হয়তো এটাই শেষ আন্তর্জাতিক ফাইনাল পাঁচবারের ব্যালন ডি'অরজয়ীর।

টাইব্রেকারে প্রথম শট নেয় পর্তুগাল। সে সময় ক্যামেরায় দেখা যায়, মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে দোয়ার মতো কিছু পড়ছেন রোনালদো। রোনালদোর সেই প্রার্থনা বিফলে যায়নি। পর্তুগাল টাইব্রেকার জিতেছে ৩-২ ব্যবধানে। রুবেন নেভেস পর্তুগালের পঞ্চম শটে গোল করার পর শিরোপা নিশ্চিত হয়ে যায়, কান্নায় ভেঙে পড়েন রোনালদো।

এই কান্নায় বিষাদ নেই, এ যে সুখের কান্না! ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি ক্লাবের হয়ে অনেক শিরোপা জিতেছি, কিন্তু পর্তুগালের হয়ে জয় পাওয়ার অনুভূতি সবচেয়ে অনন্য। এই চোখের জল আনন্দের, এটি ছিল এক সফল মিশন।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।