সাফ নারী চ্যাম্পিয়নশিপ
ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
ক্রিকেটে ভারত-বাংলাদেশের বৈরিতার মাঝে ফুটবলে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১২-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল অর্পিতা বিশ্বাসরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় আসরের বর্তমান যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত একে-অপরের মুখোমুখি হয়েছিল। প্রথমার্ধে করা দুই গোলে ভারতকে হারিয়ে টানা দুই ম্যাচ জিতলো লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের আলপি আক্তার। তার হাতে পুরস্কার তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
অর্পিতা বিশ্বাস প্রথম গোলটি করেন ম্যাচের ৩০ মিনিটে। লিড নেওয়ার পর থেকেই বাংলাদেশ ম্যাচে প্রভাব বিস্তার করে খেলতে থাকে।
অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে মিনিট দশেক পর আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোল আসে আলপি আক্তারের পা থেকে ম্যাচের ৪০ মিনিটে। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে সেখানেও আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। তবে নতুন করে আরকোনো গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়েই ছাড়তে হয়েছে মাঠ। একাধিকবার চেষ্টা চালিয়ে পরাজয়ের ব্যবধান কমানো কিংবা ম্যাচকে ড্রয়ের দিকে নিতে পারেনি ভারত।
টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট এখন ৩। আজ বিকালে ভুটান মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। সেই ম্যাচে ড্র হলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং একইদিন ভারত মুখোমুখি হবে ভুটানের।
আরআই/আইএন/এসএইচএস/এমএস