ক্ষেপে গেলেন নেইমার, দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না- এ নিয়ে নেইমার রয়েছেন দারুণ দোদুল্যমান অবস্থায়। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তির মন জয় করার সব চেষ্টাও করেও ব্যর্থ হচ্ছেন। আনচেলত্তি যদিও একদিন আগে বলে দিয়েছেন, নেইমারের জন্য এখনও ব্রাজিল দলের দরজা খোলা। ফলে নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা করবেন নেইমার, সেটা খুবই স্বাভাবিক।

কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এলেন নেইমার। এর মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভক্তদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়কে ঘিরে।

সম্প্রতি কোপা সুদামেরিকানার ম্যাচে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ম্যাচের মাত্র ৪র্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শুরুতে প্রভাব ফেললেও শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরায় প্রতিপক্ষ, ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সান্তোসকে।

এই ড্রয়ের ফলে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে সান্তোস। ফলে স্বাভাবিকভাবেই হতাশা বাড়ছে সমর্থকদের মধ্যে।

ম্যাচ শেষে গ্যালারি থেকে সমালোচনার মুখে পড়েন নেইমার। দর্শকরা নেইমারের নামে দুয়ো ধ্বনি দিতে শুরু করে। এমনটা দেখে ক্ষেপে যান নেইমার। ক্ষোভে প্রতিক্রিয়া জানান ব্রাজিলিয়ান তারকা। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘কি, আমি কি আদুরে? আমি এখানে আমার জীবন উজাড় করে দিচ্ছি, ভাই।’

একটি ভিডিওতে দেখা গেছে, গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে নেইমারের অনেকক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়। দর্শকদের বিদ্রুপের জবাবে নেইমারকে আরও অনেক কথা বলতে দেখা যায়। 

নেইমারের ক্ষুব্ধ হয়ে ওঠাটা ষ্পষ্ট করে দিচ্ছে, তার ওপর ক্রমাগত চাপ কি পরিমাণে বাড়ছে। ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে রয়েছেন তিনি। ইনজুরি কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ডকে এখন ফিটনেস, ফর্ম এবং প্রতিশ্রুতি- সব দিক থেকেই নিজেকে প্রমাণ করতে হচ্ছে।

বিশেষ করে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সামনে স্কোয়াড নির্বাচনের বড় সিদ্ধান্ত থাকায় নেইমারের প্রতিটি পারফরম্যান্স এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

সব মিলিয়ে, সমর্থকদের সঙ্গে এই উত্তপ্ত মুহূর্ত একদিকে যেমন চাপের বহিঃপ্রকাশ, অন্যদিকে তেমনি নেইমারের দৃঢ় মানসিকতারও ইঙ্গিত দেয়। ক্লাব সান্তোস এফসির হয়ে পারফর্ম করার পাশাপাশি জাতীয় দলে জায়গা পাকা করাই এখন তার মূল লক্ষ্য।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।