চ্যাম্পিয়ন্স লিগ

গোলবন্যার পর দ্বিতীয় লেগে আরও উত্তেজনার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ এএম, ০৬ মে ২০২৬

ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রথম দল চূড়ান্ত হয়ে গেছে। অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে ২০ বছর পর ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। আজ বুধবার রাতে জানা যাবে কে হতে যাচ্ছেন ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ।

বায়ার্ন মিউনিখ ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজ রাতে। প্রথম লেগে ৫-৪ রোমাঞ্চকর জয়ের লিড নিয়ে মাঠে নামবে পিএসজি।

প্রথম লেগটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ বলা যায়। যেখানে গোলের বন্যা বয়ে যায়। দুই কোচই জানিয়েছেন, দ্বিতীয় লেগেও তারা আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যাবেন।

প্রথমে হ্যারি কেইন পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর খভিচা কাভারাটস্খেলিয়া সমতা ফেরান এবং জোয়াও নেভেস হেডে পিএসজিকে এগিয়ে দেন।

পরে মাইকেল ওলিসে স্কোর ২-২ করেন। কিন্তু বিরতির আগে উসমান দেম্বেলে পেনাল্টি থেকে গোল করে আবার লিড এনে দেন পিএসজিকে।

দ্বিতীয়ার্ধে খভিচা ও দেম্বেলে আবার গোল করে ব্যবধান বাড়ান। এরপর দায়োত উপামেকানো ও লুইস দিয়াজ গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরালেও শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জেতে পিএসজি।

যেভাবে দুই দল প্রথম লেগে লড়াই করেছে তাতে এতটুকু স্পষ্ট যে, তাই আশাই করা যাচ্ছে উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে দ্বিতীয় লেগও।

বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, দল তার আক্রমণাত্মক ও ঝুঁকিপূর্ণ কৌশলেই অটল থাকবে, কারণ জার্মান চ্যাম্পিয়নরা এই স্টাইলেই ফাইনালে পৌঁছাতে চায়। কোম্পানি বলেন, ‘আমিও ক্লিন শিট রাখতে চাই, কিন্তু আমাদের শক্তির মূল জায়গাটা হারানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘গত মৌসুমে পিএসজি যেভাবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে, তারা সেই স্টাইল বদলাবে না।’

পিএসজি যদি ফাইনালে উঠতে পারে তবে কোচ লুইস এনরিকে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে বিশেষ এক মাইলফলকের খুব কাছে পৌঁছে যাবেন। তিনি হতে পারেন মাত্র পঞ্চম কোচ, যিনি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ জিতেছেন।

প্রথম লেগের পর এনরিকে বলেন, ‘কোচ হিসেবে আমি যত ম্যাচে ছিলাম, তার মধ্যে এটি ছিল সবচেয়ে সেরা।’

তবে তিনি মনে করেন, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়নদের হারাতে হলে তার দলকে আরও অন্তত তিনটি গোল করতে হবে।

অনুপ্রেরণার জন্য খুব বেশি দূরে তাকাতে হচ্ছে না পিএসজিকে। গত মৌসুমে এই মিউনিখেই তারা ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল।

এই সেমিফাইনালের জয়ী দল ৩০ মে পুস্কাস অ্যারেনায় ফাইনাল খেলবে, যেখানে প্রতিপক্ষ আর্সেনাল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।