আকবরের সেঞ্চুরির পর রিশাদের ৪ উইকেট, নর্থ জোনের দাপুটে জয়
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রান উৎসবের দিনে ইস্ট জোনকে ৫৪ রানে হারিয়ে ১২তম বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে শুভসূচনা করল নর্থ জোন। সোমবার আকবর আলীর বিধ্বংসী সেঞ্চুরি আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজীদ হাসান তামিমের জোড়া ফিফটিতে ৩৩৫ রানের পাহাড় গড়েছিল নর্থ। জবাবে মুমিনুল হক ও নাঈম হাসানের লড়াই সত্ত্বেও রিশাদ হোসেনের বোলিং তোপে ২৮১ রানেই থমকে যায় ইস্ট জোনের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হাবিবুর রহমান সোহানকে (১৬) হারালেও দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন শান্ত ও তামিম। ৩৭ বলে ফিফটি হাঁকিয়ে ৫৪ রানে থামেন তামিম। মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে নর্থ জোন চাপে পড়লেও (১১৮/৪), পঞ্চম উইকেটে ১২০ রানের বিশাল জুটি গড়েন শান্ত ও আকবর আলী।
অধিনায়ক শান্ত ৮৭ বলে ৬৮ রান করে বিদায় নিলেও আকবর ছিলেন রুদ্রমূর্তিতে। মাত্র ৮১ বলে সেঞ্চুরি পূর্ণ করে ১১১ রানের টর্নেডো ইনিংস খেলে মাঠ ছাড়েন এই তরুণ ব্যাটার। নর্থ জোন শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩৩৫ রানে অলআউট হয়। ইস্ট জোনের হয়ে খালেদ আহমেদ ৫২ রানে ৪ উইকেট নিলেও সাইফউদ্দিন ১০ ওভারে খরচ করেন ৯৮ রান।
৩৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইস্ট জোন। ওপেনার জাকির (৮), ইমন (৩৫) ও অমিত (২২) দ্রুত বিদায় নিলে দলের হাল ধরেন মুমিনুল হক ও অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এই জুটিতে ৭১ রান যোগ হলেও রিশাদ হোসেনের বলে ৪২ রান করে ইয়াসির বিদায় নিলে ভেঙে পড়ে মিডল অর্ডার।
এক প্রান্ত আগলে রেখে মুমিনুল ৮২ রান করলেও রিশাদের তোপে অন্য ব্যাটাররা দাঁড়াতে পারেননি। শেষ দিকে নাঈম হাসান ৪৩ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে হারের ব্যবধান কমান। নর্থ জোনের হয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন ৫৭ রানে শিকার করেন ৪টি উইকেট। এছাড়া শরিফুল ও নাহিদ রানা একটি করে উইকেট পান।
এসকেডি/আইএন