সোহেলকে নিয়ে শংকায় এবার পাকিস্তান
বিশ্বকাপের বাকি আছে আর মাত্র ৪ দিন। এর মধ্যে পাকিস্তান দলে যোগ দিয়েছে চোটগ্রস্ত খেলোয়াড়দের মিছিল। মোহাম্মদ হাফিজ ও জুনায়েদ খানের পর এবার আরেক পেসার সোহেল খানকে নিয়ে শংকায় পড়েছে পাকিস্তান। সোমবার সিডনিতে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পেশির ইনজুরিতে পড়েন ৩০ বছর বয়সী ফাস্ট বোলার।
এদিন ছয় ওভার বল করে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আচমকা পাকিস্তান দলে সুযোগ পাওয়া অভিজ্ঞ এ ক্রিকেটার। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিভিন্ন সূত্র বলছে, সোহেলের ইনজুরি খুব গুরুতর নয়।
পিসিবি জানায়, পেশিতে হালকা চোট পেয়েছে সোহেল। পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়েছে। কোনো ব্যথা অনুভব না করেই দৌড়াতে পারছে সে। আমাদের আশা, শিগগির ফিরবে সোহেল।
এর আগে বিশ্বকাপের দল ঘোষণার আগে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পাড়ি জমাতে পারেননি পাকিস্তানের তারকা পেসার উমর গুল। জুনায়েদের বদলে দলে ডাকা হয় রাহাত আলিকে।
এমআর/আরআইপি