বিপর্যয় কাটিয়ে উঠছে নিউজিল্যান্ড
গাপটিল আর টেইলরের ব্যাটে ভর করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠছে নিউজিল্যান্ড। বাংলাদেশের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন ম্যাককালাম ও কেইন উইলিয়ামসনকে হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে জোড়া উইকেট নেন সাকিব আল হাসান।
শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৭ ওভার শেষে ২ উইকেটে ৯৫ রান। গাপটিল ৬৬ আর টেইলর ১৯ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত সাত উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১২৮ রান করে অপরাজিত থাকেন।
টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে দুই ওপেনার তামিম ইকবাল (১৩) ও ইমরুল কায়েসকে (২) হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে মাহমুদউল্লাহর ৯০ রানের জুটিতে দলকে আর দুশ্চিন্তায় পড়তে হয়নি।
২৮তম ওভারে ড্যানিয়েল ভেট্টরির বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির দেখা পাওয়া সৌম্যর ৫৮ বলে ৫১ রানের দৃঢ়তাভরা ইনিংসে ৭টি চার।
মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা সাকিব উইকেটে এসেই শুরু করেন আক্রমণ। কিন্তু ১৮ বলে তিনটি বাউন্ডারিতে ২৩ রান করার পর অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়ে যান তিনি।
আগের ম্যাচে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুশফিকুর রহিম বেশিক্ষণ টিকতে পারেননি, ফিরে গেছেন ১৫ রান করে। তবে ৪০তম ওভারে মুশফিকের বিদায়ের পর বাংলাদেশকে তিনশর কাছাকাছি নিয়ে যায় মাহমুদউল্লাহ ও সাব্বিরের ঝড়ো ব্যাটিং। ষষ্ঠ উইকেটে মাত্র ৪৮ বলে ৭৮ রানের জুটি গড়েছেন দুজনে। ২৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় সাব্বির করেন ৪০ রান।
এমআর/এমএস