দেশে ফিরলেন এনামুল


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২১ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালে বিতর্কিত ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে টাইগারদের। এখন দেশে ফেরার পালা। বিসিবি সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকায় পা রাখবেন তারা। তবে এর আগেই দেশে ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়। শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে ৫ মার্চ নিউজিল্যান্ডের নেলসনে খেলতে নেমেছিল বাংলাদেশ। স্কটিশদের ব্যাটিং ইনিংসের ৩১তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পান বিজয়, শেষ হয়ে যায় তার বিশ্বকাপ মিশন। নেলসনের স্থানীয় হাসপাতাল হয়ে মেলাবোর্নে চিকিৎসা নেন তিনি।

এই সময় তিনি মেলবোর্নে অবস্থিত প্রবাসী এক বাংলাদেশির বাসায় ছিলেন। এতো দিন একই শহরে থাকলেও দলের সঙ্গে ছিলেন না তিনি। এখন সু্স্থ আছেন জাতীয় দলের এই ওপেনার।

চলতি বিশ্বকাপে ২টি ম্যাচ খেলেছেন ব্যাট হাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি তিনি। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচেই ২৯ রান করে সাজঘরে ফিরেছেন।

উল্লেখ্য, রোববার দেশে ফিরছেন মাশরাফিরা। মাথা উঁচু করে বীরের মতো ফিরছেন টাইগাররা। কারণ যাবার আগে টাইগারদের দলনেতা মাশরাফি দেশবাসীকে কথা দিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল খেলবে তার দল। আফগানিস্তান, স্কটল্যান্ডের পর ইংল্যান্ডকে পরাজিত করে সে কথা তিনি রেখেছেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।