কার হাতে পাকিস্তান!
বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ক্রিকেটে ‘আনপ্রেডিক্টেবল’খ্যাত পাকিস্তান। সেইসাথে পূর্ব ঘোষণা অনুযায়ী এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিবেন দলটির অধিনায়ক মিসবাহ-উল-হক।
ওয়ানডের হয়ে আর তাকে মাঠে নামতে দেখা যাবে না। বিশ্বকাপে যাবার আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন মিসবাহ। ১৬২ ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার ১২২ রান করা এই ক্রিকেটার ক্যারিয়ারের ইতি টানলেন কোনো সেঞ্চুরি ছাড়াই!
একটু পেছন ফিরে দেখা যাক। সাবেক পাক ক্রিকেটার ইনজামাম-উল-হক ক্রিকেট ছাড়ার পর অধিনায়কত্ব নিয়ে দারুণ বিপাকে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যখন তখন অধিনায়ক পাল্টানোটা হয়ে পড়েছিলো তাদের স্বভাব। পাশাপাশি ফিক্সিং-গ্রুপিং নিয়ে পাকিস্তানের ক্রিকেট তখন মাঠে-বাইরে সর্বত্রই সমালোচিত। ঠিক এমনই দু:সময়ে মিসবাহ হাল ধরেন আফ্রিদিদের। নেতৃত্বের গুণে দলটিকে তিনি ধীরে ধীরে নিয়ে যান তার পুরোনো গৌরবের পথে। খুব বেশি সফল না হলেও মিসবাহকেই পাকিস্তানিরা অধিনায়ক হিসেবে শ’তে ৮০ দিবেন সেটা ভুল অনুমান নয়।
এবার মিসবাহ’র বিদায়ে পিসিবি পড়েছে নতুন নেতৃত্বের ভাবনায়। কার হাতে দেয়া যায় দলের নেতৃত্ব। এই মুহূর্তে বোর্ডের পছন্দে রয়েছেন পাঁচজন ক্রিকেটার। যাদের অভিজ্ঞতা আর খেলোয়ারি আচরণ দাবি করে পাকিস্তানের ‘কাপ্তান’ হওয়ার। তারা হলেন, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, আহমেদ শেহজাদ, উমর আকমল ও সরফরাজ আহমেদ।
এদেরমধ্যে অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণাবলীতে এগিয়ে রয়েছেন ক্রিকেটের ‘প্রফেসর’খ্যাত মোহাম্মদ হাফিজ। তবে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া এই অলরাউন্ডারকে এখনই দলে পাচ্ছে না পাকিস্তান। তাই চোখ রাখতে হচ্ছে অন্যদের দিকে। সেখানে অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও মেজাজ আর নেতৃত্বের জায়গাটিতে সমস্যা রয়েছে উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান উমর আকমলের। একই কারণে ওয়াহাব রিয়াজের উপরও আস্থা না থাকারই কথা পিসিবির। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনের সাথে রিয়াজের আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে; হচ্ছে সমালোচনাও। বাকি রইল দুই। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, সরফরাজ এবং শেহজাদের মধ্য থেকে পিসিবি সরফরাজকেই বেছে নিবে দলের নায়ক হিসেবে।
হতে পারে আগামী এপ্রিলেই দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সফর করবেন পাকিস্তানি উইকেট রক্ষক সরফরাজ আহমেদ।
এলএ/আরআই