পদত্যাগের বিষয়টি পুরোপুরি গুজব: লোটাস কামাল
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পদত্যাগের বিষয়টিকে নাকচ করে একে পুরোপুরি গুজব বলে নিশ্চিত করেছেন আইসিসি প্রেসিডেন্ট এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, লোটাস কামাল নামে যিনি বিশেষ পরিচিত।
শনিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তফা কামালের বরাত দিয়ে বলা হয়েছে, “পদত্যাগ বিষয়ে যা রটেছে তা সম্পূর্ণ গুজব। এর পুরোটাই গণমাধ্যমের সৃষ্ট”।
তবে, কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত ভূমিকা নিয়ে ম্যাচের পরে সরব মোস্তফা কামাল এমনকি এটিও গণমাধ্যমের সামনে বলেছিলেন যে, দেখে মনে হয় আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। সেসময় তিনি প্রয়োজনে পদত্যাগ করবো বলে এ ব্যাপারে ইঙ্গিতও করেছিলেন। কিন্তু এ বিজ্ঞপ্তির পর নিশ্চিত হওয়া গেল, তিনি আগের অবস্থান থেকে সরে এসেছেন।
এসআরজে