তামিমের নীরবে জন্মদিন পালন


প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২১ মার্চ ২০১৫

বিশ্বকাপে দলের হার, তার ওপর নিজের পারফর্মেন্স নিয়ে দর্শক-সমালোচকদের তুমুল সমালোচনার মধ্যে অনেকটা নীরবেই ২৬তম জন্মদিন পালন করলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। গত ২০ মার্চ ছিল তামিমের জন্মদিন।

পৃথিবীতে আগমনের দিনটা অনাড়ম্বরভাবেই কাটিয়েছেন এই ক্রিকেটার। এবারই প্রথম বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিদেশের মাটিতে খেলার সময়টায় স্ত্রী –সন্তানদের কাছে পেয়েছেন। ফলে জন্মদিনে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে পাশে পেয়েছেন তামিম।

অবশ্য জন্মদিনে প্রবাসীদের ভালোবাসা আর সংবর্ধনা পেয়েছেন তামিম। দলের সব ক্রিকেটারদের জন্য মেলবোর্নে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তামিমও। এছাড়া স্ত্রী-সতীর্থদের নিয়ে শপিং ও ঘোরাঘুরির মধ্যেই সীমাবদ্ধ ছিল তামিমের জন্মদিন।

তামিমের জন্মদিন উপলক্ষে বাকি ক্রিকেটারদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে বিশেষ বার্তা ও শুভকামনা।

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে সফল ছিলেন না তামিম ইকবাল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই ভাল খেলা দেখাতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে ম্যাচটিতে দারুণ সূচনা করলেও নিজের ভুলে আউট হয়ে যান।

৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই বাঁহাতি ব্যাটসম্যানের জন্ম ১৯৮৯ সালের ২০ মার্চ, চট্টগ্রামে। তাঁর চাচা আকরাম খান ও বড়ভাই নাফিস ইকবালও একসময় জাতীয় দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। ৩৭টি টেস্ট, ১৪১টি ওয়ানডে ও ৩৫টি টি-২০ ম্যাচ খেলা তামিমের ঝুলিতে রয়েছে সাড়ে সাত হাজারেরও বেশী রান। প্রথম শ্রেণী ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মোট ২৮টি সেঞ্চুরি ও ১২৩টি ফিফটি রয়েছে এই ক্রিকেটারের।

টাইগারদের সদ্য শেষ করা বিশ্বকাপটি তামিমের তৃতীয় বিশ্বকাপ। এর আগে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয় তামিমের।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।