তামিমেই ভরসা রাখছেন কোচ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি দুই বছরেরও বেশি সময় ধরে শতক না পাওয়া তামিম ইকবালের ওপরই ভরসা রাখছেন বাংলাদেশের কোচ হাথুরুসিংহে। পাকিস্তান সিরিজের আগে বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানকেই খেলানোর পরিকল্পনা করেছেন তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে খেলা ৯৫ রানের ইনিংসটিই তামিমের গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ ইনিংস। এই ইনিংসটি সামনে এনে হাথুরুসিংহে বুধবার সাংবাদিকদের বলেন, ‘দুই ম্যাচ আগে সে ৯৫ রান করেছে। এরপর আমরা নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলেছি। যদি আপনি দুই ইনিংস দিয়ে কাউকে বিচার করেন, তাহলে এই বিশ্বটা খুবই কঠিন।’
গত বিশ্বকাপে ছয় ইনিংসে ১৫৪ রান আসে তামিমের ব্যাট থেকে। তার ছয় ইনিংস ছিল ১৯, ০, ৯৫, ২, ১৩ ও ২৫।
প্রায় নয় বছরের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের শতকের ইনিংস চারটি। সর্বশেষ তিন অঙ্কের রান এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ২০১৩ সালের মার্চে; শ্রীলঙ্কার বিপক্ষে হাম্বানটোটার ম্যাচে। এরপর চারবার অর্ধশতক পেরুনো ইনিংস খেলেছেন তামিম। কিন্তু কোনো ইনিংসকে শতকে রূপ দিতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে বুধবার বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচেও তামিম ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হন। রাহাত আলির বলে এলবিডব্লিউ হওয়ার আগে নয় রান করেন তিনি।
একে/আরআইপি