বিসিবি একাদশেই পরাস্ত পাকিস্তান
সাব্বির রহমানের দুর্দান্ত শতকের ওপর ভর করে পাকিস্তান জাতীয় দলকে প্রস্তুতি ম্যাচে ১ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। সাত বল হাতে রেখেই সফরকারীদের ২৬৮ রান টপকে যায় তারা।
ফতুল্লায় বুধবার প্রথমে ব্যাট করে বিসিবি একাদশের বিপক্ষে বেশ বিপর্যয়ে পড়লেও শেষ দিকে ফাওয়াদ আলমের দারুণ ফিফটিতে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৬৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে জুনায়েদ খানের বলে কোনো রান না করেই ফেরেন জাতীয় দলে সদ্য সুযোগ পাওয়া রনি তালুকদার। অপর ওপেনার তামিম ইকবালের ব্যাটে আবারও রান-খরা। রাহাত আলীর বলে এলবিডব্লু হওয়ার আগে তামিম করেন ৯ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন লিটন দাস ও সাব্বির। এ জুটিতে আসে ৩৬ রান। আট মাস পর পাকিস্তান জাতীয় দলে ফেরা সাঈদ আজমলের বলে ফেরার আগে লিটনের সংগ্রহ ২২ রান।
এরপর চতুর্থ উইকেটে মুমিনুল হককে নিয়ে ৩৬ রানের আরেকটি জুটি গড়েন সাব্বির। ইয়াসিরের বলে ফেরার আগে অধিনায়কের দায়িত্ব পালন করা মুমিনুলের সংগ্রহ ১২ রান।
৮১ রানে প্রথম ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাব্বির। ৯৯ বলে ১২৩ রানের ইনিংসে ৭ চার ও ৮টি ছয় মেরেছেন তিনি।
এরপরও জয়টা ফসকে যাওয়ার উপক্রম হয়েছিল। সেটা হাতের নাগালে এনে দিলেন সোহাগ গাজী। মাত্র ১২ করেছেন, সেটাও ১৯ বলে; কিন্তু পরিস্থিতি বিবেচনায় দশে নামা শহীদের ইনিংসটাও কম অমূল মনে হচ্ছে না। ৯ উইকেট পড়ে যাওয়ার পর ১০ রান দরকার ছিল বাংলাদেশের। ১০ রানও মনে হচ্ছিল অনেক দূরের পথ। শহীদই সেই পথটা পাড়ি দিয়েছেন হাল ধরে, শেষ ব্যাটসম্যান তাইজুল যেন কষে বাঁধছিলেন পাল!
একে/আরআইপি