তামিমের অর্ধ-শতক
দুই উইকেট পড়ে যাওয়া পর দলের হাল ধরার চেষ্টা করছেন টাইগারদের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ব্যক্তিগত ২৯তম অর্ধ-শতক এটি তার। আর পাকিস্তানের বিপক্ষে পঞ্চম। দলীয় ২৪তম ওভারের দ্বিতীয় বলে অর্ধ-শতক পূর্ণ করেন তিনি।
এর আগে সৌম্য সরকার আউট হয়ে গেলে তার পথ ধরেন বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৬৭ রানে রাহাত আলীর শিকারে পরিণত হন রিয়াদ। ১৮ বলে মাত্র ৫ রান করে সরাসরি বোল্ড আউট হয়ে ফিরে যান তিনি। এখন তামিমকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
দলীয় ৪৮ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন ঘটে। এ সময় ওয়াহাব রিয়াজের রান আউটের ফাঁদে পড়েন সৌম্য সরকার। ৩৬ বলে ২০ রান করে ফিরে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সাকিল আল হাসান। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হয় ম্যাচটি।
নিষেধাজ্ঞায় থাকা মাশরাফির পরিবর্তে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মাশরাফি।
আজকের এই ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। শুক্রবার সকাল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।
পাকিস্তান দল : আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সাঈদ আজমল, সারফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, সাদ নাজিম ও মোহাম্মদ রিজওয়ান।
এসএ/বিএ/পিআর