সেঞ্চুরির অপেক্ষায় ওরা


প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৮ এপ্রিল ২০১৫

বার্সেলোনার আক্রমণ ভাগের তিন খেলোয়াড় মেসি-নেইমার-সুয়ারেজ (এমএনএস) জুটি অন্যরকম এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন। এই তিনজন মিলে বার্সেলোনার হয়ে গোলের সেঞ্চুরি থেকে আর মাত্র ছয় গোল দূরে রয়েছেন। লুইস সুয়ারেজ চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়ার পর প্রথমদিকে নিজেকে সেভাবে তুলে ধরতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পারফরম্যান্সের গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী করছেন। নেইমারও রয়েছেন দারুণ ফর্মে। আর লিওনেল মেসির কথা নতুন করে বলার নেই।

বার্সেলোনার হয়ে এমএনএস জুটি ৯৪ গোল করে সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন। লুইস এনরিকের দল চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে যেতে পারলে এ মৌসুমে আরও ১২ ম্যাচ খেলতে পারবে কাতালানরা। ফলে সেঞ্চুরি যে এমএনএস জুটির হাতের নাগালে সেটা সহজেই অনুমেয়।

বার্সেলোনার হয়ে লিওনেল মেসি সর্বোচ্চ ৪৬ গোল করেছেন। নেইমার করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩০ গোল। ১৮ গোল করে এরপরই রয়েছেন লিভারপুলের সাবেক তারকা লুইস সুয়ারেজ। এর আগে ২০০৮-০৯ মৌসুমে লিওনেল মেসি, স্যামুয়েল ইতো ও থিয়েরি অঁরি জুটি গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। তারা করেন ১০১ গোল।

তবে তিনজনের জুটিতে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা ও গনজালো হিগুয়াইনের দখলে। ২০০৮-০৯ মৌসুমে এই রিয়ালত্রয়ী রেকর্ড ১১৮ গোল করেন। রোনাল্ডো ৬০, বেনজেমা ৩২ ও হিগুয়াইন করে ২৬ গোল।

চলতি মৌসুমেও মেসি-নেইমার-সুয়ারেজ (এমএনএস) জুটিকে ধাওয়া করছেন গ্যারেথ বেল (১৯), করিম বেনজেমা (২৩) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪৯) (বিবিসি) জুটি। এই রিয়ালত্রয়ী এরই মধ্যে করে ফেলেছেন ৯১ গোল। তবে তারা এমএনএস জুটির চেয়ে পাঁচ ম্যাচ বেশি খেলেছেন। ওয়েবসাইট।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।