তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বড়সড় রদবদল

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১০ মে ২০২৬
তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বড়সড় রদবদল

পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের কাজ পরিচালনায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বড়সড় রদবদল আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তে সিলমোহর দিয়ে জানানো হয়েছে যে, ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কাজ করবেন তৃণমূল কংগ্রেসের সাবেক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এছাড়া বিরোধী ডেপুটি লিডার হিসেবে দুজন নারীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তারা হলেন- অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। বিধানসভার চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক দায়িত্ব সামলাবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সাবেক কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এবারের বিধানসভার নির্বাচনে তৃণমূল সরকারের মন্ত্রিসভার অনেক সদস্যেরই শোচনীয় পরাজয় হয়েছে। তবে বালিগঞ্জ কেন্দ্র থেকে জয় লাভ করেছেন এই বর্ষীয়ান নেতা।

কলকাতার বন্দর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন ফিরহাদ হাকিম এবং বন্দর এলাকা থেকে জয় লাভ করেন তিনি।

এবার তৃণমূল কংগ্রেসের এই দুই বর্ষীয়ান নেতার উপর দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলেরই অনেক নেতা কর্মী দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যাও দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। ছবির ক্যাপশনে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় লিখেছেন, সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সঙ্গে থাকবো।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শনী হাকিম দলের বিরোধিতা করলেও ফিরহাদ হাকিম এখনো পর্যন্ত দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি। তাই এবার তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসলেও এই দুই বর্ষিয়ান নেতার উপরই ভরসা রেখেছেন।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ৪০.৮০ শতাংশ এবং বিজেপি ৪৫.৮৪ শতাংশ। সিপিএম ভোট পেয়েছে ৪.৪৫ শতাংশ এবং কংগ্রেস ২.৯৭ শতাংশ। অন্যান্যরা পেয়েছেন ৪.২৬ শতাংশ।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।