ওয়ানডে খেলতে আসছেন গুল


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারা পাকিস্তানের ডানহাতি পেসার এহসান আদিল চোটের কারণে দেশে ফিরে যাচ্ছেন। প্রথম ওয়ানডেতে না খেলা আদিলের বদলে উমর গুলকে দলে নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা।

আদিল হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য গুলকে দলে নেওয়ার বিষয়টি পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানায়। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের পাকিস্তান দলে থাকা গুল সদ্য গোড়ালির গাঁটের চোট কাটিয়ে ফিরেছেন।

গত শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মিরপুরে হবে আগামী বুধবার।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।