২৭ বছর আগের স্মৃতিতে শচীন


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

২৭ বছর আগের একটি স্মৃতি নাড়া দিয়েছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। ১৯৮৮ হ্যারিশ শিল্ডে সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে শচীন টেন্ডুলকার আর বিনোদ কাম্বলি জুটি গড়ে করেছিলেন ৬৬৪ রান। সেই রেকর্ড অক্ষত রয়েছে আজও।

স্মৃতি সর্বদাই বেদনার। তা সে সুখেরই হোক কিংবা দুঃখের। টুইট করে সেরকমই এক স্মৃতি উস্কে দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দুই বন্ধুর এক বিরল মুহূর্ত হঠাৎই নাড়া দিল বিশ্বের মাস্টার-ব্লাস্টার শচীনকে।

নস্টালজিক হয়ে শচীন টুইটারে পোস্ট করেছেন তার এবং বিনোদ কাম্বলির ছোটবেলার নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি। কিন্তু ছোটবেলার প্রিয় বন্ধু কাম্বলির সঙ্গে শচীনের বন্ধুত্বের চিড় ধরে গিয়েছে প্রায় ১৫ বছর আগেই। দু’জনের মধ্যে বাক্যালাপও হয় খুব সীমিত। সালটা ২০০০, নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য কাম্বলি আঙুল তুলেছিলেন অভিন্ন হৃদয় বন্ধু শচীনের দিকে।

কাম্বলি বলেছিলেন, বিপদের সময় কখনও পাশে পাননি শচীনকে। এর উত্তর দেননি মাস্টার ব্লাস্টার। কিন্তু মনের দিক থেকে বাল্যবন্ধুকে লক্ষ মাইল দূরে সরিয়ে দিয়েছিলেন। ক্রিকেটার কাম্বলির প্রতিভা নিয়ে কোনোদিন প্রশ্নও তোলেননি তিনি। কিন্তু তার জীবনযাত্রা আঘাত করেছে শচীনকে।

আপাতত সবকিছু ভুলে ২৭ বছর আগে দুই বন্ধুর গড়া বিশ্বরেকর্ডের ছবি টুইটারে পোস্ট করে সুখকর দিনের স্মৃতিকে ফিরিয়ে আনলেন শচীন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।