টাইগারদের সুসংবাদ দিলেন ওয়াসিম আকরাম
বাংলাদেশে দলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বল করে এমন পেসার তেমন ছিল না আগে। বর্তমানে রুবেল ও তাসকিনরা দলে আসাতে সে অভাবটা কিছুটা পূরণ হয়েছে। আর এই দুজনকে নিয়েই টাইগারদের জন্য সুসংবাদ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
তার মতে তাসকিন-রুবেলদের মতো গতির বোলারদের সামনে ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেন, ক্রিকেটে জোরে বল করা ক্রমেই গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। পেসারদের ভাবতে হবে কীভাবে আগামী ১০ বছর জোরে বল করা যায়। জোরে বোলিং মানে শুধু একটা ভালো স্পেল নয়। দীর্ঘমেয়াদে জোরে বল করতে হবে।
তিনি আরও বলেন, একজন দ্রুতগতির বোলারকে জানতে হয় কখন ইয়র্কার দিতে হবে, কীভাবে ফিল্ডিং সাজাতে হবে, কীভাবে পরিস্থিতি বিচার করতে হবে। এই কাজটা তাদের শিখতে হবে। যে সব দ্রুতগতির বোলাররা গতি, স্যুইং এবং সঠিক লাইন-লেন্থ ঠিক রেখে বল করবে, আগামী দিনে তারাই ক্রিকেটে আধিপত্য বজায় রাখবে বলে আমি মনে করি।
বিএ/আরআই