ফুফুকে সেঞ্চুরি উৎসর্গ করলেন তামিম
খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। প্রথম ইনিংসে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেননি তিনি। তার ওপর মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড় বাংলাদেশের সামনে পরাজয়ের হাতছানি দেয়।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে তামিম ইকবাল তার প্রিয় ফুপু ফাতেমা হোসেনের মৃত্যুর সংবাদ শোনেন। বেশ হতাশ হয়ে পড়েন বাংলাদেশের এই ওপেনার। প্রিয় ফুফুকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিলেন তামিম। ছোট বেলাতেই বাবাকে হারিয়েছিলেন তামিম। সেই থেকে ফুফু ফাতেমা হোসেনের আদর-স্নেহে বড় হওয়া।
এমন একটি শোকের সংবাদের পরও না ভেঙে দলের দিকেই বেশি মনোযোগী হলেন তামিম। ২৯৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে তামিম ও ইমরুলের জোড়া সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান করেছে। তামিম (১৩৮) ও ইমরুল (১৩২) অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
খুলনা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে স্বাগতিক দলের প্রতিনিধি হয়ে সংবাদ-মাধমের সামনে আসেন তামিম। দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। সঙ্গী ইমরুলও পিছিয়ে ছিলেন না।
তামিম বলেন, ‘অবশ্য এ সেঞ্চুরিটি আমার সদ্য প্রয়াত ফুপুকে উৎসর্গ করছি। কারণ আমি অনেক ছোটবেলায় আব্বাকে হারিয়েছি। তারপর থেকে এই ফুপু আমার অনেক আবদার মিটিয়েছেন। বলতে পারেন, বাবার অভাব একটওু বুঝতে দেননি। বৃহস্পতিবার রাতে যখন ফুপুর মৃত্যুর সংবাদ শুনতে পেলাম। তখন মনটা খুবই খারাপ হয়ে যায়।’
শুক্রবারের ব্যাটিং পারফরম্যান্স শেষ দিনেও অব্যাহত রাখতে চান বলে জানান তামিম ইকবাল। তিনি বলেন, ‘আজ যেভাবে খেলেছি, চেষ্টা থাকবে কালও নিজের ইনিংসটাকে আর বাড়িয়ে নেয়ার।’
বিএ/আরআই