অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় পেলে


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৮ মে ২০১৫

অস্ত্রোপচারের পর হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবল তারকা পেলে। বৃহদাকারের একটি প্রোস্টেট অস্ত্রোপাচারের সাহায্যে বের করে নেয়ার পর বৃহস্পতিবার তার চিকিৎসকরা একথা জানিয়েছেন।

বুধবার অস্ত্রোপাচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয় ৭৪ বছর বয়সী এই ফুটবল গ্রেটকে। সাওপাওলোর আলবার্ট এইনস্টাইন হাসপাতালে সম্পন্ন হয় সফল অস্ত্রোপচার। সেখান থেকে মুক্তি দেয়ার আগে তাকে ফের পরীক্ষা করা হবে। গত বছরও একই রকম সমস্যার কারণে চিকিৎসা নিতে হয়েছে পেলেকে। তখনো তার প্রসাবের ইনফেকশনে ভুগতে হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেলে তার রুমে বিশ্রামে আছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘তার অস্ত্রোপাচারটি সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।’

গত বছর ১৩ নভেম্বর কিডনির পাথর অপসারণের জন্যও ৫দিনের জন্য হাসপাতালের ইনটেন্সিভ কেয়ারে কাটাতে হয়েছিল পেলেকে। তবে নতুন করে ফের ইনফেকশন দেখা দেয়ায় তিনি ফের হাসপাতালে ভর্তি হন। এর আগে তার একমাত্র কিডনিটির কার্যক্রমও থেমে গিয়েছিল। পরে একটি কৃত্রিম কিডনির প্রতিস্থাপন করা হয়েছে পেলের দেহে। পেলের আরেকটি কিডনি সরিয়ে নেয়া হয়েছিল তিনি যখন খেলোয়াড় ছিলেন তখন। এসময় তিনি রিব ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। তাই তিনি প্রথম যখন হাসপাতালে ভর্তি হন তখন তাকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন শুভাকাঙ্খিসহ গোটা বিশ্ববাসী। যদিও ৯ ডিসেম্বর হাসপাতাল থেকে মুক্তি পেয়েছিলেন পেলে। এসময় একটু সতর্ক হয়ে হাঁটতে হয় তাকে। তখন তিনি সাংবাদিকদের কৌতুক করে বলেছিলেন, ‘আমি অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এডসন এ্যারান্টেস ডো নাসচিমেন্টো নামের অধিকারি পেলেকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তিনি একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপের শিরোপা জয় করেছেন। ১৯৯৯ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে শতাব্দি সেরা এ্যাথলেট খেতাবে ভূষিত করে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।