এল ক্ল্যাসিকো থেকে ছিটকে গেলেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপে
বার্সেলোনার শিরোপা উৎসবের ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই আজ রোববার ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো খেলতে নামছে লস ব্লাঙ্কোজরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফরাসি এ ফরোয়ার্ডকে ম্যাচডে স্কোয়াডেই রাখা হয়নি।
লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে রিয়াল মাদ্রিদের জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে হার বা ড্র করলেই ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছে হান্সি ফ্লিকের দল।
গত ২৪ এপ্রিল রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এমবাপে। এরপর থেকে আর মাঠে নামেননি তিনি। যদিও চলতি সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন, তবু শেষ পর্যন্ত তাকে এল ক্লাসিকোর স্কোয়াডে রাখেননি কোচ আলভারো আরবেলোয়া।
চোট থেকে পুনর্বাসনের সময় ইতালিতে ইয়টে ছুটি কাটাতে গিয়ে সমালোচনার মুখেও পড়েন এমবাপে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবকাশ যাপনের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তোলেন তার পেশাদারিত্ব নিয়ে। তবে এমবাপের প্রতিনিধিরা জানায়, বিষয়টি ‘অতিরঞ্জিতভাবে উপস্থাপন’ করা হয়েছে। ক্লাবের তত্ত্বাবধানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলছিল এবং দলের প্রতি তার প্রতিশ্রুতিতে কোনো ঘাটতি নেই।
চলতি মৌসুমে ২৪ গোল করে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপে। তবে দ্বিতীয় মৌসুমেও বড় কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করার শঙ্কায় রয়েছেন তিনি।
এদিকে এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমেও অস্থিরতা তৈরি হয়েছে। মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের মধ্যে অনুশীলনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় ভালভার্দেকে। এ ঘটনার জেরে দুই খেলোয়াড়কেই পাঁচ লাখ ইউরো করে জরিমানা করেছে ক্লাব।
তবে কোচ আরবেলোয়া দাবি করেছেন, ড্রেসিংরুমে বিশৃঙ্খলার খবরগুলো অতিরঞ্জিত। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেক মিথ্যা কথা বলা হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা যে আমার খেলোয়াড়রা অপেশাদার আচরণ করেছে বা আমাকে অসম্মান করেছে। ড্রেসিংরুমের ভেতরের বিষয় বাইরে ফাঁস হওয়াটা রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’
বর্তমানে ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তাই আজকের এল ক্লাসিকোতেই লা লিগা শিরোপা নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাচ্ছে কাতালানরা।
আইএইচএস/