ফাইনাল দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন কোচ
ঢাকায় এসেছেন রোববার রাতে। জাতীয় ফুটবল দলের নতুন কোচ অ্যান্ড্রু ওর্ডের সঙ্গে বাফুফের এক বছরের চুক্তি হবে বুধবার। তারপরই মিডিয়ার মুখোমুখি করা হবে ৩৭ বছর বয়সী এ অস্ট্রেলিয়ানকে। চুক্তি না হলেও অনানুষ্ঠানিকভাবে ওর্ড শুরু করে দিয়েছেন তার নতুন দায়িত্ব।
আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর মধ্যেকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসেছেন বাফুফের অন্য বিদেশি কোচদের নিয়ে। ফিটনেস কোচ জন হুইটাল ও গোলরক্ষক কোচ রায়ান স্যানফোর্ডকে নিয়ে ভিভিআইপিতে বসে খেলা দেখেছেন তিনি।
মিডিয়াকে ছবি তুলতে দিলেও কোনো কথা বলেননি নতুন কোচ। এমন কি হাই-হ্যালোও নয়। কথা বলতে চাইলে অ্যান্ড্রু ওর্ড বুধবারের কথা বলেছেন, ‘বুধবার আমি মিডিয়ার সঙ্গে কথা বলব।’ ওর্ড শুধু খেলাই দেখেননি, হাতের খেলোয়াড় তালিকায় চোখ বুলাচ্ছিলেন বারবার। বাফুফে ইতিমধ্যে ৫৪ জন খেলোয়াড়ের তালিকা তৈরি করেছেন অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনের জন্য। ওই তালিকার মধ্যে ফাইনালের দুই দলে যারা আছেন তাদের পরখ করে নেয়ার সুযোগটাও নিয়েছেন নতুন কোচ।
বুধবার সকাল ৮ টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ৫৪ খেলোয়াড় নিয়ে ট্রায়াল। খেলোয়াড়দের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। অনুশীলন হবে ৩ দিন। এখান থেকেই তৈরি করা হবে অনূর্ধ্ব-২৩ দল। যে দলটি অংশ নেবে আগামী ১৯ থেকে ২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে।
আরআই/এনইউ/আরআইপি