অ্যানফিল্ড থেকে বিদায় নিলো জেরার্ড


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৭ মে ২০১৫

চলতি মৌসুম শেষেই লিভারপুল ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যাচ্ছেন জেরার্ড। শনিবার অ্যানফিল্ডে তাই লিভারপুলের জার্সিতে এই ইংলিশ ফুটবলারের ছিল শেষ ম্যাচ। গ্যালারিতে উপস্থিত প্রায় ৪৫ হাজার দর্শক এসেছিলেন শুধু লিভারপুল অধিনায়ককে ঘরের মাঠে শেষ বিদায় জানাতে। কিন্তু; নিয়তির কী পরিহাস! এমন আবেগময় ম্যাচটিতেও কি না বেরসিক ক্রিস্টাল প্যালেস! লিভারপুলকে তারা হারিয়ে দিয়েছে ৩-১ গোলের ব্যবধানে।

ঘরের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল লিভারপুলের। ম্যাচের ২৬ মিনিটে অ্যাডাম লালানার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার লালানা। প্রথমার্ধের শেষ দিকে গোলটি শোধ করে দেন ইংলিশ মিডফিল্ডার জ্যাসন।

এরপর ৬০ মিনিটে গোটা অ্যানফিল্ডকে হতাশায় ডুবিয়ে ২-১ গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। দলকে এগিয়ে দেন উইলফ্রাইড জাহা। আর যোগ করা সময়ে ইংলিশ স্ট্রাইকার গ্লেন মারের গোলে ৩-১ ব্যবধানের জয় পায় অতিথিরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।