নারী দলের সাবেক ক্রিকেটার এখন বেন স্টোকসদের কোচ
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড পুরুষ দল নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে। তবে কোনো পুরুষ কোচকে নয়। দেশটির নারী দলের সাবেক অধিনায়ক উইকেটকিপার ব্যাটার সারাহ টেইলরকে ফিল্ডিং কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, ইংল্যান্ড লায়ন্স দলে কাজ করেছিলেন সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে। এখন পর্যন্ত কেবল কিউই সিরিজে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হলেন সারাহ।
খেলোয়াড়ী জীবনে বারংবার প্রশংসায় ভেসেছেন সারাহ তার ব্যাটিং ও উইকেটকিপিং দক্ষতা নিয়ে। টানা ১৩ বছর তিন সংস্করণে খেলেছেন ২২৬ ম্যাচ। ২০১৭ নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা।
ইংল্যান্ড নারী দল থেকে অবসরে যাওয়ার পর মনোযোগী হয়েছেন কোচিং ক্যারিয়ারে। দায়িত্ব পালন করেছেন কাউন্টি ক্রিকেটে সাসেক্স এবং ম্যানচেস্টার অরিজিনালসে।
গতকাল বুধবার ইংল্যান্ড টেস্ট দলের ফিল্ডিং কোচ হিসেবে তার দায়িত্বের বিষয় নিশ্চিত করেন ইংলিশ পুরুষ ক্রিকেটের পরিচালক রব কি।
আগামী ৪ জুন থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। প্রথম টেস্টটি হবে লর্ডসে। দ্বিতীয় টেস্ট ওভালে ১৭ জুন ও ট্রেন্ট ব্রিজে ২৫ জুন থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
ইংলিশ ক্রিকেটের পরিচালক রব কি জানিয়েছেন, ‘আমার মতে তিনি তার কাজে এই অঙ্গনের অন্যতম সেরা। তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির (পারফরম্যান্স ডিরেক্টর) সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। তারাও তার ভূয়সী প্রশংসা করেন। সুতরাং আমরা যা দেখছি, তাতে তিনি এই কাজে (ফিল্ডিং কোচের ভূমিকায়) অন্যতম সেরা।’
আইএন