বার্সা ছাড়ছে মেসি-নেইমার-সুয়ারেজ!
মেসি-নেইমার-সুয়ারেজ বার্সেলোনার সোনার ডিম পাড়া হাঁস। গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে বার্সাকে এক সুতোয় গেঁথে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন তারা। তবে তাদের বার্সা ছাড়ার প্রসঙ্গ আসছে কেন?
আশঙ্কাটি আসলে প্রকাশ করেছেন বার্সার অর্থনৈতিক ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের ফাউস। এক সাক্ষাতকারে ফাউস বলেছেন,মেসি-নেইমার-সুয়ারেজকে সামনের মৌসুমে বাধ্য হয়েই ছেড়ে দিতে হতে পারে বার্সেলোনার। চেলসি-পিএসজির মতো দলগুলো যদি মোটা অংকের প্রস্তাব নিয়ে আসে,তবে তাদের পক্ষে ত্রয়ীকে ধরে রাখা কঠিনই হবে। এর পেছনে কারণটাও বলেছেন তিনি। ‘বিশ্বের অন্য শীর্ষ ক্লাবগুলো খেলোয়াড়দের যে হারে বেতন দেয়,তার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে বার্সা।’ ফাউসের সোজাসাপটা উত্তর।
মেসিকে পাওয়ার জন্য অনেক আগেই ফাঁকা-চেক প্রস্তাব দিয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। তখন বার্সা সেটি চায়নি। চাননি বার্সার পোষ্যপুত্র মেসিও। তবে ফাউসের আশঙ্কা,আগের চেয়ে প্রস্তাবের অংক আরো ভারী হলে বার্সা তারকাদের ছেড়ে দিতে পারে ক্লাব।
জার্মান পত্রিকা হ্যান্ডেলসব্লাটকে দেয়া সাক্ষাতকারে ফাউস পরিষ্কার করেই বলেছেন, চলমান বেতন কাঠামো চালাতে আমাদের গলদঘর্ম হতে হচ্ছে।
কিন্তু চেলসি ও পিএসজিতে তা সাবলীল। আপনারা বুঝে থাকবেন,স্পেনে খেলে থাকা খেলোয়াড়রা সব সময়ই তাদের বেতনের তুলনা করে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা বুন্দেসলিগার সঙ্গে। সত্যি কথা বলতে কি, ঐসব লিগে বেতনাদিও বাড়ে নাটকীয়ভাবে।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে মেসির মোট গোল ৫২, নেইমারের ৩৭, আর সুয়ারেজের ২৪। সব মিলিয়ে ১১৩ গোল।
এমআর/আরআইপি