টেস্টে ইউনুস খানের `সেঞ্চুরি`
বৃহস্পতিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেই ১০০তম টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান ইউনুস খান। পঞ্চম পাকিস্তানি হিসাবে তিনি এ গৌরবের অধিকারী হচ্ছেন। তবে সারাবিশ্ব মিলিয়ে তিনি ৬২তম খেলোয়াড় হবেন যে ১০০টি টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করছেন।
২০০৯ সালের টি২০ জয়ী এই অধিনায়ক এখন পর্যন্ত ৯৯টি টেস্ট ম্যাচ খেলে ৫৩.৭১ গড়ে ৮৫৯৪ রান করেছেন। আরেক কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের পক্ষে সর্বপ্রথম ১০০ টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করেন। ইনজাম-উল-হক, ওয়াসিম আকরাম এবং সেলিম মালিকও ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেন।
ইউনুস খান পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সামনে রয়েছেন জাভেদ মিয়াঁদাদ(৮৮৩২) এবং ইনজাম-উল-হক(৮৮২৯)। খুব শীঘ্রই হয়তো তিনি তাদেরকে টপকে দেশসেরা টেস্ট রানের অধিকারী হবেন। তবে ইউনুস খান পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ২৯টি সেঞ্চুরি করেছেন তিনি।
আরটি/এমআর/আরআইপি