হারের পরও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত


প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৪ জুন ২০১৫

প্রথম ম্যাচ জিতেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে উঠেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের জয়ে আরও পোক্ত হয় সে অবস্থান। এমনকি শেষ ম্যাচের হারের পরও অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের অবস্থান।

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে বাংলাদেশ শুরু করেছিল ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে। বুধবার ম্যাচ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, হারের পরও বাংলাদেশের ৯৩ পয়েন্টই আছে।

৮৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভগ্নাংশ ব্যবধানে পেছনে থেকে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দলকে হারানোর পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে ৫ পয়েন্টে।

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসছে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট থাকবে ওয়েস্ট ইন্ডিজের বেশি।

স্বাগতিক ইংল্যান্ড ও চলতি বছরের ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই সময়ের আগে ওয়েস্ট ইন্ডিজের আর কোনো খেলা নেই।

৮৭ পয়েন্ট নিয়ে এখন নয় নম্বরে আছে পাকিস্তান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে পাকিস্তান। এই মুহূর্তে তাই সবচেয়ে বিপদে ক্যারিবিয়ানরাই। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পরাজয় কামনাই কেবল করতে পারে তারা।

সিরিজ হারের পরও দুই নম্বরেই থাকছে ভারত। তবে ১১৭ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা দলটি হারিয়েছে ২ পযেন্ট। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৪। ১১২ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউ জিল্যান্ড। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে চারে আছে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।