স্যামসাংয়ের বিরুদ্ধে পেলের ৩ কোটি ডলারের মামলা


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৩১ মার্চ ২০১৬

মাঠের খেলায় যেমন পারদর্শী ছিলেন মাঠের বাইরেও তেমন আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। এবার দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ৩০ মিলিয়ন (৩ কোটি) ডলারের মামলা করলেন পেলে। অভিযোগ, তার অনুমতি ছাড়াই নিউইয়র্ক টাইমসে হবহু তার মত দেখতে একজনের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে স্যামসাং।

আমেরিকার শিকাগোতে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, পেলের খ্যাতি ব্যবহার করা হয়েছে ওই বিজ্ঞাপনে। কিন্তু পুরো বিজ্ঞাপন দেখে জানা যায় সেখানে নেই পেলের নাম; কিন্তু তার মত দেখতে একজনের ছবি ব্যবহার করে হয়েছে। আর সে সঙ্গে ছোট একটি ছবিতে কিক মারা অবস্থায় একজন ফুটবলারের ছবিও ব্যবহার করা হয়েছে। যেই কিকটি মূলত পেলের কারণেই বিখ্যাত।

পেলের আইনজীবি ফ্রেডরিক স্পার্লিং বলেন, ‘ক্ষতিপূরণ আদায় করাই মামলার মূল উদ্দেশ্য। কারণ এখানে পেলের অনুমতি না নিয়েই তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। ক্ষতিপূরণ আদায় করলে ওরা ভবিষ্যতে সতর্ক থাকবে।’

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।