ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন দেখতে চায় শাহবাগের ক্রিকেটপ্রেমীরা


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

‘ইস! একটুর জন্য ক্যাচটা মিস অইলো। তোরে কইছিলাম না, সামি বল করলে ক্যাচ উঠবোই। ব্যাপার না ইংল্যান্ড পাত্তা পাইবো না, চ্যাম্পিয়ন আইবো ওয়েস্ট ইন্ডিজ।’

শাহবাগের জায়ান্ট টিভি স্ত্রিনের নীচে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখতে দেখতে বন্ধুকে এ সব কথা বলছিলেন নীলক্ষেত এলাকার ফটোকপি দোকানের কর্মচারী আতিক হোসেন। ঝির ঝির বৃষ্টিতে গায়ের পোশাক ভিজে গেলেও ঠাঁয় দাঁড়িয়ে মনোযোগ সহকারে খেলা দেখছিলেন তিনি।

Shahbag

ওয়েস্ট ইন্ডিজকে কেন সাপোর্ট করছেন প্রশ্ন করতেই এক গাল হেসে বললেন, ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন অইছে। তাই পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হউক তাই চাই। তার মতে ইংল্যান্ড শিল্পপতি আর ওয়েস্ট ইন্ডিজ গরিব দেশ। তাই সব বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজই তার পছন্দের এবং এ দলটিকেই তারা চ্যাম্পিয়ন দেখতে চান বলে জানালেন।

Shahbag

শুধু আতিক হোসেন একাই নন, ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দেখতে অধীর আগ্রহ নিয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন শাহবাগের ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ টিম টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় সংখ্যা বিবেচনায় দর্শকের সংখ্যা কমলেও ফাইনাল নিয়ে আজ উত্তেজনা ও টেনশনের কমতি নেই। বৃষ্টিতে ভিজেও ফাইনাল খেলা উপভোগ করছেন ক্রিকেট অনুরাগীরা। হঠাৎ করে কেউ সেখানে উপস্থিত হলে হঠাৎ শাহবাগকে ওয়েস্ট ইন্ডিজ ভেবে ভুল করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াররা ভাল বোলিং কিম্বা ফিল্ডিং করলে এবং আউট করলে সঙ্গে সঙ্গে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন ক্রিকেটারদের। বৃষ্টিতে দর্শকদের সমস্যা হলেও হালকা শীত পড়ায় চায়ের দোকানদারের কদর বেড়েছে। দর্শকরা ঘুরে ফিরে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ২০ ওভার খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহে ১৫৪ রান। ১৫৫ রান তাড়া করতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাটিং সূচনা করতে নামেন ক্রিস গেইল ও চালর্স জনসন। প্রথম ওভারে ইংল্যান্ডের উইলি বল করে মাত্র এক রান দেন। দ্বিতীয় ওভারে চালর্স জনসন ও ক্রিস গেইল এবং তার পরের ওভারে সিমন্স আউট হলে শাহবাগে নিস্তব্দতা নেমে আসে। তখনও দর্শকরা বলছিল, শুরুতে উইকেট হারালেও চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজই হবে।

এমইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।